Last Updated:
লোকাল ট্রেন হোক অথবা দূরপাল্লার ট্রেন, বৃহন্নলাদের জোরজুলুম নিয়ে যাত্রীরা এর আগেও বহুবার অভিযোগ করেছেন৷ এবার ভাইরাল হল মুম্বইয়ের একটি ঘটনা৷
ট্রেনের কামরায় যাত্রীদের উপরে বৃহন্নলাদের জোরজুলুমের অভিযোগ নতুন কিছু নয়৷ সেই জোরজুলুমই লাগামছাড়া পর্যায়ে পৌঁছল মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে৷ বেশি রাতের একটি লোকাল ট্রেনের কামরার যাত্রী এক যুবককে রীতিমতো নির্মম ভাবে মারধর করতে দেখা গিয়েছে দু জন বৃহন্নলাকে৷ এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে৷
ভিডিও-তে দেখা গিয়েছে, প্রথমে ওই যুবকের সঙ্গে বচসা বাঁধে দু জন বৃহন্নলার৷ সেই বচসা গড়ায় হাতাহাতিতে৷ ভিডিও-তে দেখা গিয়েছে, ফাঁকা ট্রেনের কামরায় ওই দু জন বৃহন্নলা মিলে পুরুষ ওই যাত্রীকে বেদম মার মারছে৷
এই ভিডিও সামনে আসার পর মুম্বইয়ের লোকাল ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে৷ বিশেষত রাতের দিকে ট্রেনের কামরা যখন ফাঁকা হয়ে যায়, তখন বৃহন্নলাদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন রেলযাত্রীরা৷
ভাইরাল এই ভিডিও রেলকর্তাদেরও নজরে এসেছে৷ রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কীসের থেকে এই ঘটনার সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার তদন্তও শুরু হয়েছে৷ ভিডিও খতিয়ে দেখে ঘটনাক্রম কী ছিল, তাও বোঝার চেষ্টা করছেন রেলকর্তারা৷
কয়েকদিনের মধ্যে পর পর মুম্বইয়ের লোকাল ট্রেনে একই ধরনের ঘটনা ঘটল৷ একটি ঘটনায় দু জন যুবকের উপরে হামলার ঘটনা ঘটেছিল৷ অন্য একটি ঘটনায় দুটি দলের মধ্যেও লোকাল ট্রেনের কামরায় সংঘর্ষের ঘটনা ঘটে৷ সবমিলিয়ে মুম্বইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়েই সংশয় তৈরি হয়েছে৷
এর আগে চার্চগেট থেকে ভিরারগামী একটি লোকাল ট্রেনের কামরার ভিতরে মারামারির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল৷ ভিড়ে ঠাসা পুরুষ যাত্রীদের কামরায় ওই ঘটনা ঘটেছিল৷ ফলে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য যাত্রীরা৷
Kolkata,West Bengal
