Last Updated:
Murshidabad News: এদিকে, গত দুদিন আগে বৃহস্পতিবার সুতি থানার বাজিতপুর চন্দ্রপাড়া এলাকা থেকে এক কিশোরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঠিক দুদিন পরেই আবারও মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে সুতি থানা পুলিশের পক্ষ থেকে।
সুতি: মুর্শিদাবাদের সুতিতে ফের যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। শনিবার গভীর রাতে সুতি থানার আজাদনগর বেলতলা গ্রামে রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। গ্রামের রাস্তার পাশে রক্তের দাগ। রক্তের ছড়াছড়ি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ। রক্ত নিয়ে হইচই এর কিছুক্ষণ পরেই বেলতলা গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে সুতির ধলার মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ট্রাফিক পুলিশ অফিসের লাগোয়া এলাকা থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম রনি মোমিন (১৯)। তাঁর বাড়ি নতুন অরঙ্গাবাদ এলাকায়। খবর পেয়ে সুতি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।
কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তাঁকে অন্য কোথাও খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে কি না, কিংবা রক্তের দাগের সঙ্গে উদ্ধার হওয়া দেহের কোনও যোগসূত্র রয়েছে কি না—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর আজাদনগর বেলতলা গ্রাম ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের দাবি, রাতে হঠাৎ রক্তের দাগ দেখতে পাওয়ায় তারা ভীত হয়ে পড়েন। পরে অল্প দূরেই যুবকের দেহ উদ্ধারের খবর সামনে আসতেই আতঙ্ক আরও বেড়ে যায়।
