Last Updated:
Murshidabad News: জিয়াগঞ্জে অকাল প্রয়াণ যুবক এনামুল শেখের। কিন্তু তাঁর শেষযাত্রায় ধরা পড়ল বন্ধুত্বের এক বিরল ছবি। নিথর বন্ধুকে একা না ছেড়ে টোটোয় দু-পাশ থেকে আগলে ধরে শেষবারের মতো থানার পথে রওনা দিলেন বন্ধুরা। যে ছবি দেখে চোখে জল নেটপাড়ার।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: শেষযাত্রাতেও বন্ধুকে একা ছাড়লেন না তাঁরা। নিথর দেহ কাঁধে নয়, বরং জীবন্ত মানুষের মতোই পাশে বসিয়ে, আগলে ধরে টোটোয় করে থানায় নিয়ে গেলেন বন্ধুরা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধকবাগ নতুনপাড়া এলাকায় যুবক এনামুল শেখের (২৮) অকাল প্রয়াণ ও বন্ধুদের এই আবেগঘন বিদায় দেখে চোখে জল এল এলাকাবাসীর।
পারিবারিক অশান্তির জেরে ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে মুর্শিদাবাদের তেতুলিয়া এলাকায় বিয়ে হয়েছিল এনামুলের। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সম্প্রতি তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। বুধবার সকালে স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন এনামুল। অভিযোগ, স্ত্রী ফিরতে রাজি না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। বুধবার সন্ধ্যায় নিজের ঘরের মধ্যে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়েই ছুটে আসেন এনামুলের ছোটবেলার বন্ধুরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জিয়াগঞ্জ গ্রামীণ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই এক মর্মস্পর্শী দৃশ্যের সাক্ষী হয় জিয়াগঞ্জ। নিথর বন্ধুকে একা বা অবহেলায় ফেলে রাখতে পারেননি তাঁর বন্ধুরা। ময়নাতদন্তের প্রক্রিয়ার জন্য হাসপাতাল থেকে থানায় যাওয়ার পথে একটি টোটোতে বন্ধুকে মাঝখানে বসিয়ে, দু-পাশ থেকে আগলে ধরে নিয়ে যান তাঁরা। যে বন্ধুদের সঙ্গে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, টোটোয় চেপে ঘুরে বেড়াতেন এনামুল, সেই বন্ধুদের কাঁধেই মাথা রেখে শেষবারের মতো থানার পথে রওনা হন তিনি। স্ত্রীর অনুপস্থিতিতে বন্ধুদের এই নিঃস্বার্থ ভালবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা।
(DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidabad News: জিয়াগঞ্জে বন্ধুত্বের বিরল নজির! নিথর বন্ধুকে টোটোয় আগলে নিয়ে গেলেন বন্ধুরা, দৃশ্য দেখে চোখে জল বাসিন্দাদের