Last Updated:
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপ নিয়ে আজকের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে সংসদে এ বিষয়ে নতুন বিল আনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
নয়াদিল্লিঃ প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের আবহে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার গভীর রাতে এক্স (X)-এ পোস্ট করা একটি ভিডিও বার্তায় তিনি জানান, শুক্রবারের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রশ্নফাঁস রোধে আরও কড়া ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আগামী সপ্তাহেই সংসদে একটি নতুন বিল আনার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
‘More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet!’ ভিডিও বার্তায় মোদি বলেন, “প্রশ্নফাঁস কোনও সাধারণ বিষয় নয়। এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের কাছে অত্যন্ত বেদনাদায়ক।” তাঁর কথায়, দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
প্রধানমন্ত্রী জানান, গত আড়াই মাসে প্রশ্নফাঁস-কাণ্ডে জড়িত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে জেলে রয়েছে। তদন্তও দ্রুতগতিতে এগোচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই বিতর্কের জেরে যাতে কোনও ছাত্রছাত্রীর একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই যত দ্রুত সম্ভব পুনঃপরীক্ষা সম্পন্ন করার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দিল্লির যন্তর মন্তরে গত মাস থেকে লাগাতার অবস্থান-বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার। এদিকে সূত্রের খবর, শুক্রবার দুপুর ১২টার পর সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে Cockroach Janta Party (CJP)-র একটি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও বৈঠকের স্থান এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
Kolkata,West Bengal
