Last Updated:
Narendra Modi Meta: ফেসবুক-ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশের জোড়া মামলা।
হায়দরাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিকৃত ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। ফেসবুক ও ইনস্টাগ্রামে আপত্তিকর ও কৃত্রিমভাবে তৈরি করা ছবি এবং ভিডিও ছড়ানোর অভিযোগে এই দুটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিজেপি সমর্থকদের করা দু’টি পৃথক অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে। অভিযোগ, ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে হওয়া নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের সময় ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর এবং বিকৃত ছবি ও ভিডিও ছড়ানো হয়।
অরবিন্দ রেড্ডির দাবি, এই ধরনের পোস্ট সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, ভুয়ো তথ্য ছড়াতে পারে, ঘৃণা ও অশান্তি উসকে দিতে পারে, সামাজিক শালীনতা নষ্ট করতে পারে, জননেতাদের মানহানি করতে পারে এবং সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্বেষ ছড়াতে পারে।
দ্বিতীয় অভিযোগটি করেছেন তেলেঙ্গানা বিজেপির কর্মী এবং দলের সোশ্যাল মিডিয়া কোর কমিটির সদস্য টি সাইকিরণ গৌড়। তিনি অভিযোগ করেন, বুধবার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করার সময় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক আপত্তিকর রিল এবং বিকৃত ছবি দেখতে পান। নিজের অভিযোগে তিনি পুলিশকে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে তদন্ত করার আবেদন জানান। তাঁর দাবি, ওই অ্যাকাউন্টগুলি এমন কনটেন্ট প্রকাশ ও প্রচার করছে, যা ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকর হতে পারে।
Kolkata,West Bengal
