Last Updated:
Narendra Modi’s WFH push: জ্বালানির সঙ্কটের মধ্যে করোনার সময়ে জীবনযাত্রা ভারতে ফের চালু করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়ার্ক ফ্রম হোম ও ভার্চুয়াল মিটিং ফের চালুর আহ্বান জানান তিনি, সেই নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।
নয়াদিল্লি: জ্বালানির সঙ্কটের মধ্যে করোনার সময়ে জীবনযাত্রা ভারতে ফের চালু করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়ার্ক ফ্রম হোম ও ভার্চুয়াল মিটিং ফের চালুর আহ্বান জানান তিনি, এর জেরে সাশ্রয় হতে পারে জ্বালানি। তবে এই মন্তব্য ঘিরে কর্পোরেট মহলে জোর জল্পনা তৈরি হলেও, আপাতত আইটি শিল্পে বাধ্যতামূলক ভাবে ওয়ার্ক ফ্রম হোম চালুর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে কেন্দ্র।
সরকারি সূত্রে CNBC-TV18-কে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শুধুমাত্র একটি আবেদন করেছেন, এ বিষয়ে কোনও নির্দেশিকা বা বাধ্যতামূলক নিয়ম জারি করার কথা এখনই ভাবা হচ্ছে না। আইটি সংস্থাগুলি ইতিমধ্যেই নিজেদের প্রয়োজন অনুযায়ী রিমোট ও হাইব্রিড মডেলে কাজ করছে, ফলে আলাদা করে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন পড়ছে না বলেও সূত্রের দাবি।
এছাড়াও, মিতব্যয়িতা ও আমদানি নিয়ন্ত্রণে জোর দেওয়া হলেও, ইলেকট্রনিক্স আমদানিতে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছে কেন্দ্র। সরকারি আধিকারিকদের মতে, ইলেকট্রনিক্স আমদানি দেশের উৎপাদন, রফতানি এবং ডিজিটাল পরিকাঠামো বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত।
সরকারি সূত্র আরও জানা গিয়েছে, বিশ্ববাজারে মেমরি চিপের দাম বাড়ায় আগামী দিনে ইলেকট্রনিক্স আমদানির খরচ বাড়তে পারে।
কী বলেছিলেন প্রধানমন্ত্রী?
রবিবার এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী Narendra Modi দেশবাসীকে কোভিড-পর্বের মতো ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সিং ফের চালু করার আহ্বান জানান।
তিনি বলেন, “করোনার সময় আমরা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো ব্যবস্থা গ্রহণ করেছিলাম এবং তাতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। বর্তমান পরিস্থিতিতে এই ব্যবস্থাগুলি আবার চালু করলে তা জাতীয় স্বার্থে হবে।”
পেট্রল-ডিজেলের আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি জ্বালানি সাশ্রয় ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণের ওপর জোর দেন। পাশাপাশি, পরিস্থিতি বিবেচনায় কিছু স্কুলে সাময়িকভাবে অনলাইন ক্লাস চালুর কথাও ভাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
