Last Updated:
NDMA Alert: দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগের সময় নাগরিকদের সুরক্ষা দিতে চালু করা হচ্ছে একটি নতুন সতর্কীকরণ ব্যবস্থা৷ এই ব্যবস্থার নাম সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম, যা বর্তমানে দেশব্যাপী পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
নয়াদিল্লি: হঠাৎই ফোনে দুর্যোগের বার্তা! যদি কেউ সম্প্রতি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NDMA)-র পক্ষ থেকে একটি ফ্ল্যাশ এসএমএস পেয়ে থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই৷ দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগের সময় নাগরিকদের সুরক্ষা দিতে চালু করা হচ্ছে একটি নতুন সতর্কীকরণ ব্যবস্থা৷ এই ব্যবস্থার নাম সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম, যা বর্তমানে দেশব্যাপী পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এই কারণেই অনেকে ফোনে বার্তা পেয়ে থাকতে পারেন৷ এটি এই ট্রায়াল রানেরই অংশ। আজ সকাল প্রায় ১১:৪২ মিনিটে দেশের প্রায় সব নাগরিকের কাছেই এই সতর্কবার্তা পৌঁছেছে। এই বার্তাগুলি পরিকল্পিত দেশব্যাপী পরীক্ষার অংশ এবং এগুলোর জন্য সাধারণ মানুষের কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। দেশজুড়ে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেমের পরীক্ষা৷
বার্তাটিতে বলা হয়েছে, “ভারত দেশীয় প্রযুক্তির মাধ্যমে সেল ব্রডকাস্ট চালু করেছে, যা নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কবার্তা পরিষেবা প্রদান করবে। সতর্ক নাগরিক, নিরাপদ দেশ। এই বার্তাটি একটি পরীক্ষামূলক বার্তা, এর জন্য জনসাধারণের কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। ভারত সরকার।” যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT) এবং NDMA যৌথভাবে এই উদ্যোগে কাজ করছে, যাতে জরুরি পরিস্থিতিতে মোবাইলের মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়া যায়।
এই প্ল্যাটফর্ম ইতিমধ্যেই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে এবং নির্দিষ্ট এলাকাভিত্তিক এসএমএস সতর্কবার্তা পাঠাতে সক্ষম। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ও চরম আবহাওয়ার মতো পরিস্থিতিতে ১৯টিরও বেশি ভাষায় ১৩৪ বিলিয়নেরও বেশি সতর্কবার্তা পাঠানো হয়েছে।
ভূমিকম্প, সুনামি বা শিল্প দুর্ঘটনার মতো উচ্চ-ঝুঁকির পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে এসএমএস-এর পাশাপাশি সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট এলাকার সব মোবাইল ডিভাইসে একসঙ্গে বার্তা পৌঁছে যাবে।
বর্তমানে এই দেশীয় প্রযুক্তিভিত্তিক ব্যবস্থার উন্নয়নে C-DOT নেতৃত্ব দিচ্ছে এবং এটি দেশজুড়ে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এই সময়ে ব্যবহারকারীরা বিভিন্ন ভাষায় একাধিক পরীক্ষামূলক সতর্কবার্তা পেতে পারেন। এগুলি সম্পূর্ণ রুটিন পরীক্ষার অংশ এবং এর জন্য কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।
Kolkata,West Bengal
