Last Updated:
NEET Paper Leak Case: সিবিআই হেফাজতে থাকা ছাত্র অমিত মীনাকে জিজ্ঞাসাবাদের মাঝেই আসে একটি ফোনকল৷ তদন্তকারীদের দাবি, অমিত মীনাকে জেরা করার সময় একটি গুরুত্বপূর্ণ মোড় আসে, যখন তাঁর ফোনে “ঋষি” নামে এক যুবকের কল আসে।
নয়াদিল্লি: কীভাবে প্রশ্নপত্র ফাঁস হল NEET-এর? সিবিআই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ সিবিআই হেফাজতে থাকা ছাত্র অমিত মীনাকে জিজ্ঞাসাবাদের পর নয়া মোড় তদন্তে৷ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মাঝেই আসে একটি ফোনকল, তারপরেই সামনে আসে গুরুত্বপূর্ণ তথ্য৷
তদন্তকারীরা রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র এবং কেরল জুড়ে বিস্তৃত এক জটিল চক্রের সন্ধান পেয়েছেন, যেখানে এমবিবিএস পড়ুয়া, দালাল, কোচিং সেন্টার পরিচালনাকারী এবং প্রশ্নপত্র সরবরাহকারীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
CNN-News18-এর হাতে এসেছে স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)-এর কেস ডায়েরির তথ্য, যার ভিত্তিতেই পরে সিবিআই একাধিক গ্রেফতারি অভিযান চালায়। তদন্তকারীদের দাবি, অমিত মীনাকে জেরা করার সময় একটি গুরুত্বপূর্ণ মোড় আসে, যখন তাঁর ফোনে “ঋষি” নামে এক যুবকের কল আসে।
অভিযোগ, ফোনে ঋষি জানতে চায়, “পেমেন্ট এখনও কেন করা হয়নি?” এছাড়াও ঋষি নাকি বলে,
“২০২৭ সালে তোমাকে আরও বেশি টাকা রোজগার করতে সাহায্য করব।”
দ্রুত তদন্তকারীরা বুঝতে পারেন ওই ফোনের গুরুত্ব৷ তদন্তকারীরা অমিতকে নির্দেশ দেন ঋষিকে সেখানে ডাকতে৷ কিন্তু পুলিশ সূত্রের খবর, ঋষি সন্দেহপ্রবণ হয়ে আচমকাই ফোন কেটে দেয়। ঋষি বিওয়াল পরিবারের সদস্য, যাদের এই ২০২৬ সালের প্রশ্নফাঁস কাণ্ডের কেন্দ্রে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীদের মতে, এই ফোনালাপ থেকেই বড়সড় সংগঠিত চক্রের ইঙ্গিত স্পষ্ট হয়।
জেরায় অমিত মীনা নাকি স্বীকার করেছেন যে, তিনি ৫ লক্ষ টাকায় NEET-এর প্রশ্নপত্র কিনেছিলেন এবং পরে সেটি অন্যদের কাছে বিক্রি করেন। তদন্তকারীদের দাবি, অমিত আরও জানিয়েছেন যে ২০২৫ সালের পরীক্ষার পর ঋষি নাকি গর্ব করে বলেছিলেন, “আমার পরিবারের পাঁচজন সদস্য NEET পাশ করেছে।”
অভিযোগ, ২০২৬ সালের পরীক্ষার জন্য পরিকল্পনা প্রায় এক মাস আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এই তথ্য সামনে আসতেই একাধিক রাজ্যে তদন্ত শুরু হয়। অমিত মীনার বয়ানের ভিত্তিতে SOG দল জয়পুরের জামওয়ারামগড়ে পৌঁছে ঋষির বাবা দিনেশ বিওয়ালকে আটক করে।
Kolkata,West Bengal
