Last Updated:
NEET Student Death: “মা, আমাকে ক্ষমা করে দিও”—এই হৃদয়বিদারক কথাই ছিল মহারাষ্ট্রের এক নিট পরীক্ষার্থীর শেষ বার্তা। অভিযোগ, পুনঃপরীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে চরম মানসিক চাপে ভুগছিলেন ১৮ বছরের ওই ছাত্র।
মুম্বইঃ ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই, সেই লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার ১৮ বছর বয়সি সুশীল ধাগে। কিন্তু নিট-ইউজি পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক, পুনঃপরীক্ষার চাপ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেষ পর্যন্ত কেড়ে নিল এক তরতাজা প্রাণ। পুনঃপরীক্ষায় আশানুরূপ ফল হবে না বলে আশঙ্কা থেকেই আত্মহননের পথ বেছে নেন বলে অভিযোগ।
ঘটনাটি সামনে আসতেই দেশজুড়ে নতুন করে শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার চাপ এবং পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা। সুশীলের মৃত্যুর আগে মায়ের উদ্দেশে পাঠানো ৩৩ সেকেন্ডের একটি ভিডিওবার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সুশীল ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্নফাঁস হয়ে যায় বলে অভিযোগ ওঠে, বাতিল হয়ে যায় পরীক্ষা। পরে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পুনরায় ২১ জুন পরীক্ষা নেওয়া হয়। পরিবারের দাবি, দ্বিতীয়বারের পরীক্ষাটি তাঁর প্রত্যাশামতো হয়নি। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশীল।
মৃত্যুর আগে মোবাইল ফোনে রেকর্ড করা ভিডিওতে সুশীল মাকে উদ্দেশ করে বলেন, “মা, আমাকে ক্ষমা করে দিও। পরের জন্মে আবার তোমার গর্ভেই জন্ম নেব। তোমাকে কষ্ট দেব না।” ভিডিওটি পাঠানোর কিছুক্ষণের মধ্যেই বাড়ির কাছাকাছি একটি গভীর কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুশীল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং মোবাইল ফোনে পাওয়া ভিডিওবার্তাটিও তদন্ত করে দেখা হবে।
উল্লেখ্য, নিট পরীক্ষাকে ঘিরে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির দাবি, পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় লক্ষ লক্ষ পড়ুয়া চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জবাবদিহি দাবি করেছে। মনোবিদদের মতে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফলকে জীবনের একমাত্র সাফল্যের মাপকাঠি হিসেবে দেখার প্রবণতা ক্রমশ বাড়ছে। ফলে ব্যর্থতার আশঙ্কা থেকেই অনেক পড়ুয়া চরম মানসিক চাপে ভুগছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, অভিভাবক ও শিক্ষকদের উচিত পড়ুয়াদের পাশে দাঁড়ানো এবং তাঁদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Kolkata,West Bengal
