Last Updated:
New Tourist Destination: ছেঁদাপাথর ও অম্বিকানগর রাজবাড়িকে কেন্দ্র করে জঙ্গলমহলের পর্যটন নিয়ে নয়া পরিকল্পনা সরকারের! রাজ্য সরকারের ২০ কোটি টাকার নতুন মাস্টারপ্ল্যানে ক্ষুদিরাম বসুর গোপন আস্তানা ও রাজবাড়ি সেজে উঠছে আন্তর্জাতিক মানের নতুন ট্যুরিস্ট স্পট হিসেবে।
ছেঁদাপাথর, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জঙ্গলমহলের পর্যটন ও সার্বিক উন্নয়নে বড় ঘোষণা করলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি জানান, জঙ্গলমহলের উন্নয়নের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি অম্বিকানগর রাজবাড়ি এবং স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর স্মৃতিবিজড়িত ছেঁদাপাথরকে পর্যটনের মানচিত্রে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে সরকারের।
ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে এই দুই স্থানকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষিণ বাঁকুড়ার গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত ছেঁদাপাথর একসময় ছিল স্বাধীনতা সংগ্রামীদের গোপন কার্যকলাপের অন্যতম কেন্দ্র। ইতিহাসবিদদের মতে, অম্বিকানগরের রাজা রাইচরণ ধবলদেবের সহযোগিতায় শহীদ ক্ষুদিরাম বসু, বারীন্দ্রকুমার ঘোষসহ একাধিক বিপ্লবী এই দুর্গম এলাকাকে বেছে নিয়েছিলেন অস্ত্র প্রশিক্ষণ ও বোমা তৈরির গোপন ঘাঁটি হিসেবে।
ঝাড়খণ্ড সীমান্তের নিকটবর্তী হওয়ায় এই এলাকা থেকে বিভিন্ন স্থানে সহজেই যাতায়াত করা যেত, যা বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ সুবিধা এনে দিয়েছিল। স্থানীয়দের দাবি, সেই সময় এখানে একটি মাটির ঘর ও তার ভেতরে একটি দীর্ঘ গুহাপথ ছিল, যেখানে বিপ্লবীরা আত্মগোপন করতেন। এখানেই তৈরি হত বিশেষ ধরনের মাটির আবরণযুক্ত বোমা, যা রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হত। বর্তমানে সরকারি উদ্যোগে সেই ঐতিহাসিক স্থান সংরক্ষণের কাজ হয়েছে।
মাটির গুহার জায়গায় এখন ইটের কাঠামো তৈরি হয়েছে এবং পুরো এলাকা সুরক্ষিত করা হয়েছে, যাতে ইতিহাসের এই নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষিত থাকে। পর্যটনপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মতে, অম্বিকানগর রাজবাড়ি এবং ছেঁদাপাথরের ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও প্রচারের উন্নতি হলে জঙ্গলমহল নতুন পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। সরকারের ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সমৃদ্ধ এই অঞ্চল শুধু পর্যটকদেরই নয়, গবেষক ও ইতিহাসপ্রেমীদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে।
Bankura,Bankura,West Bengal
Jul 28, 2026 10:10 PM IST
New Tourist Destination: বদলে যাচ্ছে জঙ্গলমহল! বাঁকুড়ায় এবার দলে দলে ছুটে আসবেন পর্যটকরা, কেমন হবে নয়া ট্যুরিস্ট স্পট? রইল বিস্তারিত