Last Updated:
North Dinajpur News: বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু এক নাবালক ও এক নাবালিকার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
করণদিঘি, উত্তর দিনাজপুরঃ বাড়ির পাশের পুকুরে স্নান করতে নেমে বিপত্তি। জলে ডুবে মৃত্যু এক নাবালক ও নাবালিকার। উত্তর দিনাজপুরের করণদিঘি থানার অন্তর্গত সইদপুর মারিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মৃতদের পরিজনদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এই নাবালক ও নাবালিকা। মৃত নাবালকের নাম আবু তাহের, বয়স আনুমানিক ৭ বছর ও নাবালিকার নাম শামিমা খাতুন, বয়স আনুমানিক ১০ বছর। দু’জনেই সইদপুর মারিয়া এলাকার বাসিন্দা।
এই বিষয়ে মৃতদের আত্মীয় মহম্মদ হুসেন জানান, বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায় শামিমা খাতুন ও আবু তাহের। সেই সময় ঘটনাস্থলে আরও ৩-৪ জন শিশু ছিল। তাঁদের মধ্যে একজনই জলে ডুবে যাওয়ার ঘটনার খবর দেয়।
মহম্মদ হুসেন আরও জানান, বাড়ির শিশুরা জলে ডুবে যাচ্ছে শুনে তড়িঘড়ি পরিবারের সদস্যরা পুকুর পাড়ে ছুটে আসেন। এরপর বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে তাঁদের জল থেকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
জলে ডুবে দুই শিশু মৃত্যুর এই ঘটনায় মৃতদের পরিবারের পাশাপাশি এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Uttar Dinajpur,West Bengal
May 07, 2026 11:35 AM IST
