Last Updated:
One-Day Tourist Attraction: ঢেলে সাজানো হবে পূর্বস্থলীর চুপি পাখিরালয়। সেখানে প্রায় এক কোটি টাকা বাজেটে চালু হতে চলেছে ৩ তলা ইন্টারপ্রিটেশন সেন্টার, ওয়াচ টাওয়ার ও রেস্তোরাঁ। পাশাপাশি নজর রয়েছে যাতায়াতের দিকেও। মায়াপুরের সঙ্গে সরাসরি জলপথ যোগাযোগের সঙ্গে মিলবে ইকো-ট্যুরিজমের সুবিধা।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শীত পড়লেই হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পূর্বস্থলীর চুপির পাখিরালয়। প্রতি বছর এই পাখিরালয়ে পর্যটকদের ভিড় বাড়ছে। সেই কথা মাথায় রেখেই এবার পর্যটন পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিল কালনা মহকুমা প্রশাসন। পরিকল্পনায় রয়েছে অত্যাধুনিক ইন্টারপ্রিটেশন সেন্টার, পর্যটক পরিষেবা বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সম্প্রতি মহকুমাশাসক অহিংসা জৈন, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক গোপাল
চট্টোপাধ্যায় এবং প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা চুপির পাখিরালয় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ইন্টারপ্রিটেশন সেন্টার তৈরির জন্য এক কোটিরও বেশি টাকা বরাদ্দ হয়েছে। তিনতলা বিশিষ্ট এই কেন্দ্রটিতে পরিযায়ী পাখির পরিচিতি, তাদের জীবনচক্র, আবাসস্থল ও বৈশিষ্ট্য আধুনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে রেস্তোরাঁ ও নতুন ওয়াচ টাওয়ার।
পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পাখিরালয়ে যাতায়াত আরও সহজ করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। বিধায়ক গোপাল চট্টোপাধ্যায় জানান, নৌকা পরিষেবা আরও ভাল করে চালু করে মায়াপুরের সঙ্গে চুপির যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন তিনি। প্রয়োজনে অতিরিক্ত জমি অধিগ্রহণের ক্ষেত্রেও স্থানীয় মানুষ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
এছাড়াও, নতুনগ্রামের বিখ্যাত কাঠের পুতুল শিল্পকে পর্যটনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাখিরালয়ে একটি স্থায়ী স্টল তৈরির উদ্যোগ চলছে, যেখানে পর্যটকেরা স্থানীয় হস্তশিল্পের সঙ্গে পরিচিত হতে পারবেন। পাশাপাশি পর্যটকদের জন্য সাইকেল ও ব্যাটারিচালিত যান পরিষেবা চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের আশা, এই সমস্ত উদ্যোগ বাস্তবায়িত হলে চুপির পাখিরালয় শুধু পাখিপ্রেমীদের নয়, জেলার অন্যতম আকর্ষণীয় ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবেও আরও সমৃদ্ধ হয়ে উঠবে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
One-Day Tourist Attraction: শীতের আগেই বিরাট চমক, চুপিতে ইকো-ট্যুরিজমে ঢেলে সাজানোর প্ল্যান! কী কী সুবিধা পাবেন পর্যটকরা? রইল সারপ্রাইজ
