Last Updated:
Maharashtra TET 2026 Exam Paper Leak: আগামীকাল রবিবারেই হওয়ার কথা ছিল মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET)৷ শনিবারেই প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা বন্ধ করার কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকার৷
মুম্বই: NEET-UG পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কের মাঝেই ফের আবার একটি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ৷ মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগের পরীক্ষা (TET)-এর পরীক্ষার ঠিক আগেই ‘লিক’ হয়েছে প্রশ্ন৷ ঘটনার জেরে মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন (MSCE) শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) স্থগিত করার ঘোষণা করেছে৷
কারণ, পুলিশের অভিযানে প্রশ্নফাঁসের সম্ভাব্য প্রমাণ মিলেছে বলেই দাবি৷ পাশাপাশি, পরীক্ষার্থীদের নতুন করে কোনও পরীক্ষার ফি দিতে হবে না এবং নতুন করে রেজিস্ট্রেশনেরও কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন মহারাষ্ট্রের স্টেট এক্সাম কাউন্সিলের ডেপুটি কমিশনার প্রিয়া শিন্ডে৷
মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ জুন ভোরে গোপন সূত্রে খবর আসে যে, ভিওয়ান্ডিতে (Bhiwandi) কয়েকজনের কাছে পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত গোপন তথ্য রয়েছে।
খবর পাওয়ার পরই ভিওয়ান্ডি পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তদন্তে উদ্ধার হওয়া একটি অননুমোদিত প্রশ্নপত্রে আসন্ন TET পরীক্ষার আসল প্রশ্নপত্রের একাধিক প্রশ্নের সঙ্গে মিল পাওয়া যায় বলে জানায় MSCE। পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই TET স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরীক্ষা স্থগিত হওয়ার পরই মহারাষ্ট্রের মহাযুতি (Mahayuti) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মহারাষ্ট্র কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকাল অভিযোগ করেন, প্রশ্নফাঁস এখন রাজ্য সরকারের “পরিচয়” হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “খবর অনুযায়ী, থানে জেলায়, যা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শক্ত ঘাঁটি, সেখানেই TET-এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ নষ্ট করছে যে চক্র, তাদের রাজনৈতিক মদত দিচ্ছে কারা?” তিনি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-র বিধায়ক রোহিত পওয়ার এই ঘটনাকে ২০২৬ সালের NEET-UG প্রশ্নফাঁস বিতর্কের সঙ্গে তুলনা করেন। তিনি অভিযোগ করেন, “NEET-এর প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হলেও কেন্দ্র শুধু দেখানোর জন্য CBI তদন্তের নির্দেশ দিয়েছিল। ১৫-২০ দিনের মধ্যেই সেই তদন্ত কার্যত থেমে যায়। TET-এর ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে।” রোহিত পওয়ারের দাবি, এ ধরনের ঘটনা চলতে থাকলে সরকারকে দায় স্বীকার করতে হবে এবং পদমর্যাদা না দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
Kolkata,West Bengal
