Last Updated:
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম সবমিলিয়ে লিটার পিছু প্রায় সাড়ে ৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল৷
ইরানকে কেন্দ্র করে সংঘাতে পশ্চিম এশিয়া উত্তপ্ত হয়ে ওঠার পরই জোগানের অভাবে লাফিয়ে বেড়েছিল অপরিশোধিত তেলের দাম৷ যার জেরে ভারতেও পেট্রোল- ডিজেলের দাম কয়েক দফায় বৃদ্ধি পেয়েছিল৷
কিন্তু ইরান-আমেরিকা সংঘর্ষবিরতি শুরুর পর বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যুদ্ধ শুরুর আগের মতোই হয়ে গিয়েছে৷ ফলে, ভারতেও পেট্রোল- ডিজেলের দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে৷ সত্যিই ভারতে জ্বালানির দাম কমবে কি না, বৃহস্পতিবার সেই প্রশ্নই করা হয়েছিল পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে৷
পেট্রোলিয়াম মন্ত্রী অবশ্য সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে জানিয়েছেন, অপরিশোধিত তেলের দাম যদি একটানা এরকম নীচের দিকেই থাকে, তাহলে কেন্দ্রীয় সরকার গোটা পরিস্থিতি পর্যালোচনা করবে৷
হরদীপ সিং পুরী বলেন, ‘মাস দুয়েক আগে যেরকম সরবরাহ মিলেছে, তার ভিত্তিই জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছিল৷ যদি পরিস্থিতি এরকমই থাকে তাহলে অবশ্যই আমরা দাম কমানোর বিষয়টি বিবেচনা করে দেখব৷’
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির পরিশোধনাগারে এই মুহূর্তে যে তেল রয়েছে সেই তেল পশ্চিম এশিয়ার সংঘাতের সময় চড়া দামেই কেনা৷ ফলে এখনও অপরিশোধিত তেলের দাম কমার সুফল ভারতীয় বাজারে পাওয়া যায়নি৷
হরদীপ সিং পুরী দাবি করেছেন, গত ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি পেট্রোল, ডিজেল এবং এলপিজি উৎপাদন খরচের থেকেও কম দামে বিক্রি করে ৭৪ হাজার ৭৮১ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে৷
কেন্দ্রীয় মন্ত্রী আরও মনে করিয়ে দিয়েছেন পশ্চিম এশিয়ায় যুদ্ধের সময়ও ভারতে তেলের সঙ্কট তৈরি হয়নি৷ পেট্রোল পাম্পগুলির বাইরেও লম্বা লাইন চোখে পড়েনি৷ তিনি আরও দাবি করেছেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে অনেক উন্নত এবং ভারতের প্রতিবেশী দেশগুলিতে যে হারে পেট্রোলের দাম বেড়েছে, তার তুলনায় ভারতে জ্বালানির মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল অনেক কম৷
Kolkata,West Bengal
Jul 02, 2026 10:59 PM IST
