Last Updated:
PM Modi and Trump: বাংলায় বিধানসভা ভোটে জয়ের জন্য প্রধামন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই পিটিআই-কে বলেন, “গত মাসে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কথা হয়। প্রধানমন্ত্রীর প্রতি নিজের সম্মান ও শ্রদ্ধার কথা জানান ট্রাম্প।’
ওয়াশিংটন: সোমবার ছিল সেই ঐতিহাসিক দিন! বেলা বাড়তেই স্পষ্ট হতে থাকে, বাংলার বিধানসভা নির্বাচনে জয়ের মুকুট পরতে চলেছে বিজেপি-ই! দিনশেষে বাংলার মসনদে উপনীত পদ্মশিবিড়! পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ” এই জয় স্পষ্ট, এই জয় দৃঢ়, এই জয় ঐতিহাসিক’!
হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই পিটিআই-কে বলেন, “গত মাসে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে কথা হয়। প্রধানমন্ত্রীর প্রতি নিজের সম্মান ও শ্রদ্ধার কথা জানান ট্রাম্প। এও জানান, ভারতের কাছে এটা সৌভাগ্যের যে তাঁর মতো একজন মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছেন।”
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন কেবল একটি রাজ্যের রাজনৈতিক পালাবদল নয়, এখন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ জুড়ে গেরুয়া ঝড়। ২০১৪ সালে ছিল সীমিত উপস্থিতি। সেখান থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল শাসনকারী এক প্রভাবশালী শক্তিতে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) উত্তরণ ধারাবাহিক নির্বাচনী কৌশল, গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং অপ্রচলিত অঞ্চলে আগ্রাসী সম্প্রসারণের ফল। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে মাত্র ৭টি রাজ্য শাসন করত, যা ২০২৬ সাল নাগাদ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এনডিএ ভারতের ৭০ শতাংশেরও বেশি জনসংখ্যা এবং ভূখণ্ড নিয়ন্ত্রণ করবে।
বাংলায় পালাবদলের হাওয়ায় ঘাসফুল বদলে ফুটেছে পদ্মফুল। ২০২১ এর ভোটের ফল প্রায় উল্টে গিয়েছে। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন জিতেছে বিজেপি, ৮০টি আসন জিতেছে তৃণমূল। অন্যান্য দলগুলি পেয়েছে ৬টি আসন। ২০২১ সালে ২১৫টি আসন জিতেছিল তৃণমূল, মাত্র ৭৭টি আসন জিতেছিল বিজেপি। সেই বার ৪৮.০২ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল, ৩৮.১৫ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। বাম জোট সংযুক্ত মোর্চা পেয়েছিল ১০.০৪ শতাংশ ভোট।
Kolkata,West Bengal
May 05, 2026 11:05 PM IST
