Last Updated:
PM Narendra Modi-UAE President: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউএই সফর দিয়ে ছ’দিনের বিদেশ সফর শুরু করেছেন, যেখানে জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। হরমুজ় সঙ্কট ও বিশ্ব সরবরাহ ব্যবস্থার সমস্যা নিয়ে ইউরোপের একাধিক দেশের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) দিয়ে শুরু, ইতালি দিয়ে শেষ— ছ’দিনের বিদেশ সফর শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি প্রথমে পৌঁছন ইউএই-তে, এরপর ইউরোপের চার দেশ নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইতালি সফর করবেন তিনি।
বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ইরান-আমেরিকা সংঘাতের জেরে হরমুজ় প্রণালীতে তৈরি হওয়া অচলাবস্থা, জ্বালানি সঙ্কট এবং ভেঙে পড়া বিশ্ব পণ্য সরবরাহ শৃঙ্খল— এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন মোদি। ইউএই সফর দিয়েই সেই আলোচনা শুরু হয়েছে।
আবু ধাবিতে স্বাক্ষরিত ‘ভারত-ইউএই স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ’ চুক্তির ফলে দুই দেশের সামরিক সহযোগিতা নতুন মাত্রা পাবে। এবার থেকে শুধু যৌথ মহড়া নয়, প্রতিরক্ষা প্রযুক্তিতে যৌথভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনের দিকেও জোর দেওয়া হবে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য আদান-প্রদানেও সম্মত হয়েছে দুই দেশ।
এছাড়াও গুজরাতে একটি ‘শিপ রিপেয়ার ক্লাস্টার’ তৈরির জন্য চুক্তি হয়েছে, যা ভারতের সামুদ্রিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং দেশকে জাহাজ রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে। এই সফরের শেষ গন্তব্য ইতালি, যেখানে ইউরোপীয় দেশগুলির সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
Kolkata,West Bengal
