ভারতীয় রাজনীতিতে বিগত এক দশকে ধীরে ধীরে ক্রমশ সুস্পষ্ট হয়ে উঠেছে একটা নাম৷ প্রশান্ত কিশোর৷ ইন শর্ট, পিকে৷ নীতীশ কুমার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাহুল গান্ধি৷ সকলের ক্ষেত্রেই কোনও না কোনও সময় ভোটকুশলী হিসাবে কাজ করেছেন তিনি৷ তারপর একসময় স্থির করেন পিছনে থেকে ভোটের অঙ্ক কষা নয়, তিনি সশরীরে নামতে চান রাজনীতির আসরে৷ রাজনীতিতে যোগ দেওয়া প্রথমে নীতীশের দলে,তারপরে ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনের আগে নিজের দল, জন সুরজ পার্টি৷ সেই দফা দাগ কাটতে না পারলেও, আজ, বাঁকীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তিনিই জয়ী৷ রাজনীতিক হিসাবে প্রথম জয়, তা-ও আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের খাসতালুকে৷
