Last Updated:
Primary Education: প্রাথমিক বিদ্যালয়ে ড্রপআউট বা স্কুলছুটের সংখ্যা কমাতে অভিনব পদক্ষেপ। বিশেষ পরিকল্পনা করেছে রামপুরহাট মহকুমা প্রশাসনের। ১ আগস্ট থেকে খরুন পঞ্চায়েতের ১৩টি প্রাথমিক স্কুলে শুরু হচ্ছে ‘স্কুলমুখীকরণ’ অভিযান। যার মাধ্যমে গ্রামীণ এলাকার পড়ুুয়াদের আবার শিক্ষার আলোয় ফেরানো হবে।
বীরভূম, সৌভিক রায়: দিনদিন বাড়ছে ড্রপআউট পড়ুয়াদের সংখ্যা। আর সেই কারণে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের ১০০ শতাংশ উপস্থিতি সুনিশ্চিত করতে এবং ড্রপআউট বন্ধ করতে অভিনব উদ্যোগ রামপুরহাট মহকুমা প্রশাসনের। মূলত যে সমস্ত খুদে স্কুল পড়ুয়ারা দীর্ঘদিন ধরে স্কুলে যাচ্ছে না, প্রথমে তাঁদের চিহ্নিত করে বাড়িতে যাবেন প্রশাসনের প্রতিনিধি ও শিক্ষকরা। চলতি বছর ১ আগস্ট থেকে রামপুরহাট-১ ব্লকের খরুন পঞ্চায়েতের ১৩টি প্রাথমিক স্কুলে এই বিশেষ অভিযান শুরু হবে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে প্রশাসনিক ভবনে এই ‘স্কুলমুখীকরণ’ কর্মসূচির সূচনা করলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা। সেই অনুষ্ঠানে মহকুমাশাসক অশ্বিন বি রাঠোর, এআই, এসআই সহ ওই ১৩টি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে খবর, যে সমস্ত খুদে পড়ুয়ারা স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে, বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের বোঝানো হবে। জানার চেষ্টা করা হবে কোন কারণে তাঁরা স্কুলে আসছে না। এভাবে ওই শিশুদের ফের পড়াশোনার জগতে ফিরিয়ে আনা এই কর্মসূচির আসল উদ্দেশ্য। খরুন পঞ্চায়েতের পর পর্যায়ক্রমে মহকুমার অন্য পঞ্চায়েত এলাকাতেও এই কর্মসূচি হবে।
এবিষয়ে গোলাম কিবরিয়া বলেন, “একাধিক সময় একাধিক বার বহু পদক্ষেপ নেওয়া হলেও আমরা এখনও সবাইকে বিদ্যালয়মুখী করতে সক্ষম হইনি। শহর ও গ্রামে স্কুলছুটের কারণ ভিন্ন। বিশেষ করে গ্রামাঞ্চলে স্কুল ছুটের সংখ্যা বেশি। বেশিরভাগ সময় শিশুদের সরকারি স্কুলে নাম লিখিয়ে বেসরকারি স্কুলে পড়ানো হচ্ছে। আমাদের মূল লক্ষ্য, সমস্ত পড়ুয়াকে স্কুলে আনা, ধরে রাখা এবং সঠিক মানের শিক্ষা দেওয়া।”
Birbhum,West Bengal
