Last Updated:
আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটিকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধির ‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যের প্রতিবাদে ২১৫ জন উপাচার্য-সহ শিক্ষাবিদ খোলা চিঠি প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বিজ্ঞানীদের ব্যক্তিগত কটাক্ষ নয়, মতপার্থক্য হলে তা প্রমাণ ও যুক্তির ভিত্তিতেই হওয়া উচিত।
নয়াদিল্লিঃ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরার একটি মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামাকোটিকে উদ্দেশ্য করে সংসদে করা তাঁর ‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যের সমালোচনা করে খোলা চিঠি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১৫ জন উপাচার্য-সহ বিশিষ্ট শিক্ষাবিদেরা।
খোলা চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক ভি কামাকোটি দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। আইআইটি মাদ্রাজ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এমএস এবং পিএইচডি ডিগ্রিধারী তিনি। তাঁর ১৫০-রও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং ৫০টিরও বেশি গবেষণা ও উন্নয়ন প্রকল্পে যুক্ত ছিলেন। ভারতের প্রথম ইন্ডাস্ট্রি-গ্রেড মাইক্রোপ্রসেসর তৈরিতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সম্প্রতি দেশের পরীক্ষাব্যবস্থা সংস্কারের জন্য কেন্দ্রের গঠিত নতুন টাস্ক ফোর্সের গঠন নিয়ে প্রশ্ন তুলে সংসদে প্রিয়াঙ্কা গান্ধি বলেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ এখনও কার্যকর হয়নি। নতুন কমিটিতে প্রাক্তন আইবি প্রধান, একটি আইটি সংস্থার কর্ণধার এবং একজন ‘গোমূত্র বিশেষজ্ঞ’ রয়েছেন। শিক্ষা সম্পর্কে তাঁদের কী ধারণা রয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
শিক্ষাবিদদের চিঠিতে বলা হয়েছে, বৈজ্ঞানিক মত বা গবেষণার সঙ্গে মতপার্থক্য থাকলে তা প্রমাণ ও যুক্তির ভিত্তিতে হওয়া উচিত, ব্যক্তিগত কটাক্ষের মাধ্যমে নয়। তাঁদের মতে, সংবিধানে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলার যে কথা বলা হয়েছে, সেই নীতির সঙ্গেও এ ধরনের মন্তব্য সঙ্গতিপূর্ণ নয়।
চিঠিতে আরও বলা হয়েছে, দেশের বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদদের যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সমালোচনা করা যেতে পারে, কিন্তু তাঁদের ব্যক্তিগতভাবে হেয় করা উচিত নয়। গণতন্ত্রে মতবিরোধের জায়গা থাকলেও কটাক্ষ কখনও যুক্তিপূর্ণ বিতর্কের বিকল্প হতে পারে না বলেও মত প্রকাশ করেছেন তাঁরা।
এই খোলা চিঠিতে আইসিটি মুম্বইয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক জি ডি যাদব এবং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সেক্রেটারি জেনারেল অধ্যাপক পঙ্কজ মিত্তল-সহ একাধিক শিক্ষাবিদ স্বাক্ষর করেছেন।
Kolkata,West Bengal
