Last Updated:
Profitable Farming Idea: প্রচলিত ফসলের পাশাপাশি বিকল্প আয়ের আশায় রজনীগন্ধা ফুল চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। বিয়ে, পূজা-পার্বণ ও সামাজিক অনুষ্ঠানে ব্যাপক চাহিদা থাকায় এই ফুলকে লাভজনক ফসল হিসেবে বেছে নিচ্ছেন তাঁরা। কৃষকদের মতে, খুব কম সময়ে এই ফুল চাষের মাধ্যমে ভাল লাভ ঘরে তোলা সম্ভব।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের কৃষকদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে রজনীগন্ধা ফুল চাষের আগ্রহ। এক সময় এই এলাকায় ফুল চাষ বলতে মূলত গাঁদা ফুলের চাষই বেশি দেখা যেত। তবে বর্তমানে প্রচলিত ফসলের পাশাপাশি বিকল্প আয়ের আশায় বহু কৃষক রজনীগন্ধা চাষের দিকে ঝুঁকছেন। বাজারে সারা বছরই এই ফুলের চাহিদা থাকায় লাভের আশায় কৃষকদের আগ্রহও বাড়ছে।
ফুল এমন একটি পণ্য, যার চাহিদা কখনও পুরোপুরি কমে না। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, পূজা-পার্বণ, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রজনীগন্ধার ব্যবহার ব্যাপক। সুগন্ধ ও সৌন্দর্যের কারণে এই ফুলের কদর সবসময়ই বেশি। তাই স্থানীয় কৃষকরাও এই ফুলকে লাভজনক ফসল হিসেবে বেছে নিচ্ছেন। কৃষকরা জানিয়েছেন, এক বিঘা জমিতে রজনীগন্ধা চাষের জন্য প্রাথমিকভাবে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়।
পরিচর্যা, শ্রমিক, পরিবহনসহ অন্যান্য খরচ বাদ দিয়েও কৃষকদের হাতে ভাল অঙ্কের লাভ থাকে। ফলে ধান বা অন্যান্য ফসলের পাশাপাশি রজনীগন্ধা চাষ এখন স্বরূপনগরের কৃষকদের কাছে লাভজনক বিকল্প হিসেবে উঠে আসছে। কৃষকদের আশা, সরকারি সহযোগিতা, উন্নত মানের চারা ও বাজারজাতকরণের আরও ভালো ব্যবস্থা গড়ে উঠলে ভবিষ্যতে এই অঞ্চলে রজনীগন্ধা চাষ আরও বিস্তৃত হবে। এতে যেমন কৃষকদের আয় বাড়বে, তেমনি এলাকার কৃষিতেও আসবে নতুন সম্ভাবনার দিগন্ত।
North Twenty Four Parganas,West Bengal
Profitable Farming Idea: এই ফুল চাষেই লুকিয়ে ‘লক্ষ্মীর ঝাঁপি’, টানা ৮ মাস ধরে পকেট ভর্তি টাকা! মোটা ইনকামের রাস্তা দেখিয়ে দিলেন কৃষকরা