Last Updated:
Purulia News: ‘গাজন’ মূলত বাংলার লোকঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রধানত চড়ক গাজন ও শিব উপাসনার সঙ্গে যুক্ত।
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ গ্রামবাংলার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব গাজন। এই সময় বাংলার গ্রামে গ্রামে গাজন ও চড়ক উৎসব হতে দেখা যায়। আড়ষার হেসলা ষোলআনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী এই মেলা ও গাজন। প্রতি বছরের মতো এবারও এই মেলাকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ মেলায় অংশ নিতে আসেন। মেলায় ছিল বিভিন্ন ধরনের দোকান, খেলনা, খাবারের স্টল ও স্থানীয় হস্তশিল্পের সম্ভার। ছোট থেকে বড় সকলের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন জমজমাট হয়ে ওঠে। শিশুদের আনন্দের পাশাপাশি বড়দের মধ্যেও দেখা যায় উৎসাহ।
এই মেলার মূল আকর্ষণ গাজন। ‘গাজন’ মূলত বাংলার লোকঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রধানত চড়ক গাজন ও শিব উপাসনার সঙ্গে যুক্ত। এই উৎসবে ভক্তরা নানা ব্রত, শোভাযাত্রা, নৃত্য, ঢাকের বাদ্য এবং কষ্টসাধ্য আচার পালন করেন। কোথাও চড়ক গাছ ঘিরে অনুষ্ঠান হয়, আবার কোথাও শিবের আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। গ্রামীণ বাংলার লোকসংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের এক অনন্য প্রকাশ এই গাজন।
এই বিষয়ে মন্দিরের পূজারী জহরলাল পান্ডে বলেন, বহু বছর থেকে এই উৎসব হয়ে আসছে। তিনি নিজে পাঁচ পুরুষ ধরে এই উৎসব দেখছেন। বহু মানুষ এই উৎসবের অংশগ্রহণ করেন। এটা তাঁদের গ্রামের একটি ঐতিহ্য।
অন্যদিকে নয়ন কুইরী নামে এক ভক্ত বলেন, দীর্ঘদিন থেকে গাজনের আচার ও রীতিতে অংশগ্রহণ করছেন তিনি। কোনওরকমই সমস্যা হয় না। ঈশ্বরের আশীর্বাদে বরাবর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে এই উৎসব। সব মিলিয়ে, গ্রামের মেলা, শিবসঙ্গীত, রঙিন শোভাযাত্রা আর উন্মাদনায় গাজন হয়ে ওঠে বাংলার চিরন্তন লোকজ সংস্কৃতির এক বর্ণময় অধ্যায়।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Purulia News: বাংলার লোকসংস্কৃতির জমজমাট উদযাপন! ঢাকের বাদ্যে-চড়কের ঘূর্ণিতে গাজনের রঙে মাতোয়ারা পুরুলিয়া, হেসলায় ভক্তদের থিকথিকে ভিড়