Last Updated:
Purulia News: অত্যাধুনিক এই ড্রোন আগামীদিনে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এটি ব্যবহার করে কৃষকরাও অনেকখানি সুবিধা পাবেন বলে অনুমান।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ প্রযুক্তির নতুন দিগন্ত খুলতে চলেছে পুরুলিয়ায়। জেলা বিজ্ঞান কেন্দ্র ও সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এক বিশেষ ড্রোন রীতিমতো সর্বত্র সাড়া ফেলে দিয়েছে। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র ও সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি এই অত্যাধুনিক ড্রোনের জন্য ইতিমধ্যেই পেটেন্টের আবেদন করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ড্রোন কৃষিক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন গবেষকরা।
জানা গিয়েছে, ড্রোনটি বানাতে চার মাস সময় লেগেছে। মাত্র ৪০ হাজার টাকা খরচে তৈরি এই ড্রোন বাতাসে থাকা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস শনাক্ত করতে সক্ষম। ফলে ফসলের রোগ সংক্রমণ আগে থেকেই চিহ্নিত করা সম্ভব হবে। ফলে কৃষকরা সময় মতো সতর্ক হতে পারবেন এবং ফসলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যাবে বলে দাবি পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের ইনোভেশন হাবের জুনিয়র মেন্টর শুভদীপ কর্মকার ও মনোরঞ্জন পরামানিকের।
এছাড়াও দুর্গম বা এমন সব এলাকায় যেখানে মানুষের পৌঁছনো কঠিন, সেখানে এই ড্রোন সহজেই উড়ে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। কৃষিজমির অবস্থা, পরিবেশগত পরিবর্তন ও রোগের সম্ভাবনা সম্পর্কেও এই প্রযুক্তি তথ্য দেবে বলে জানান পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডঃ সুব্রত রাহা।
এই অভিনব উদ্যোগ ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনা ও দেশীয় উদ্ভাবনের মেলবন্ধনে তৈরি এই উদ্যোগ ইতিমধ্যেই জেলা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। আগামীদিনে কৃষিক্ষেত্রে এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
May 15, 2026 11:40 AM IST
Purulia News: বাতাসে ব্যাকটেরিয়া-ফাঙ্গাস শনাক্তকারী অত্যাধুনিক ড্রোন! পুরুলিয়ায় যুগান্তকারী আবিষ্কার, চাষের দুনিয়ায় আনতে পারে বড় পরিবর্তন