Last Updated:
West Medinipur News: বিশ্বক্ষেত্রে সমাদৃত পট এখন গৃহস্থালির জিনিসে ফুটে উঠছে। টি-শার্ট, শাড়ি, কেটলি, প্লেট, কাপ সহ দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসে পটের ডিজাইন ফুটিয়ে তুলছেন পটুয়ারা।
পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ পট এখন জেলার গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে সমাদৃত। দেশ ও বিদেশের একাকী প্রদর্শনীতে বাংলার এই পটের জুড়ি মেলা ভার। যে পট এককালে জীবনযাপনের এক অন্যতম পথ ছিল, এখন বৈদেশিক ক্ষেত্রে তার ব্যবসায়িক চাহিদা বেড়েছে। কাগজের উপর প্রাকৃতিক রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ফুটিয়ে তোলা পটুয়াদের মূল কাজ ছিল। শুধু তাই নয়, ছবির সঙ্গে মানানসই গান লিখে বাড়িতে গিয়ে ভিক্ষা করা ছিল তাঁদের পেশা। তবে সময়ের সঙ্গে সঙ্গে পটুয়ারা নিজেদের বদল ঘটিয়েছেন। এবার গৃহস্থালির নানা জিনিসে ফুটে উঠেছে পটের ডিজাইন।
পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রাম পটশিল্পের জন্য বিখ্যাত। এখানকার বেশ কয়েক শতাধিক পটুয়ারা পটের ছবি এঁকে নিজেদের দিনযাপন করেন। তবে এখন গ্রামে পর্যটকদের সংখ্যা বাড়ছে। তাই পটের ডিজাইনেও কিছুটা স্বাদ বদল ঘটিয়েছেন তাঁরা। এখন গৃহস্থালির জিনিস, যেমন ঘটি, কাপ, প্লেট, ট্রে সহ বিভিন্ন জিনিসে পটের ডিজাইন ফুটে উঠেছে। সাধ্যের মধ্যে এমন সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ায় এই সকল জিনিসের বিক্রিও বেড়েছে।
বর্তমানে টি-শার্ট, শাড়ি, কেটলি, প্লেট, কাপ সহ বিভিন্ন জিনিস পটের ছবিতে ফুটিয়ে তুলছেন পটুয়ারা। বাজারে চাহিদাও রয়েছে ভালই। মানুষের স্বাদে বদল আনতে তাঁরা পটের ডিজাইন কাস্টমাইজ করছেন কাপ, প্লেট, ঘর সাজানোর উপকরণ, টি-শার্ট, শাড়ি একাধিক জিনিসে। কাগজের পটের চেয়েও ব্যবহার্য এই সকল জিনিস বেশি কিনছেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত, বর্তমান দিনে মানুষ শখে এক দু’টো কাগজের পট কিনলেও ব্যবহার্য নানা জিনিস তাঁরা দাম দিয়ে কিনছেন। তাই মানুষের স্বাদের কথা মাথায় রেখে পটুয়ারা এইসব জিনিস তৈরি করছেন। এগুলি একদিকে যেমন ব্যবহার করা যাবে, তেমনই টেকসই জিনিস বেশ উপকারেও লাগবে। সব মিলিয়ে, বিশ্বক্ষেত্রে সমাদৃত এই পট এখন গৃহস্থালির জিনিসে। বিশ্বের বাজারের পাশাপাশি পটের ছবি এখন পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের খুব কাছে।
Paschim Medinipur,West Bengal
May 15, 2026 12:52 PM IST
West Medinipur News: ঐতিহ্যবাহী পটশিল্পে মডার্ন টুইস্ট! এবার গৃহস্থালির জিনিসেও পিংলার পটুয়াদের তুলির টান, লাফিয়ে বেড়েছে বিক্রি