Last Updated:
Ranaghat College: গৌরবের ৭৫ বছরে পদার্পণ করল নদিয়ার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রানাঘাট কলেজ। প্ল্যাটিনাম জুবিলি বর্ষকে স্মরণীয় করে রাখতে কোনও সরকারি সাহায্য ছাড়াই, শুধুমাত্র পড়ুয়াদের জমানো ফি-এর টাকায় তৈরি হল এক আধুনিক আটতলা ভবন।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: ৭৫ বছরে রানাঘাট কলেজ, উদ্বোধন হল আধুনিক আটতলা নতুন ভবনের। নদিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানাঘাট কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবের আবহে উদ্বোধন হল কলেজের নতুন আটতলা ভবনের। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অরূপ কুমার মাইতি জানান, ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতেই ২০২৫ সাল থেকেই সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এই উপলক্ষে ডাক বিভাগের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়। কলেজের জন্য প্রকাশ করা হয়েছে বিশেষ খাম ও স্মারক স্ট্যাম্প।
নতুন ভবন প্রসঙ্গে অধ্যক্ষ জানান, সম্পূর্ণ নিজস্ব অর্থে তৈরি হয়েছে এই অত্যাধুনিক ভবন। সরকারি কোনও আর্থিক সহায়তা ছাড়াই ছাত্র-ছাত্রীদের ফি থেকে দীর্ঘদিন ধরে সঞ্চিত অর্থে নির্মিত হয়েছে প্রায় এক লক্ষ ২০ হাজার স্কয়ার ফিটের এই আটতলা ভবন। ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। তাঁর দাবি, শুধু রানাঘাট নয়, গোটা জেলা কিংবা আশপাশের জেলাগুলিতেও এত বড় আটতলা কলেজ ভবন বিরল। ছাত্র-ছাত্রীদের জন্য সর্বাধুনিক পরিকাঠামো ও সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বামী জননলোকানন্দ জি মহারাজ স্বামী বিবেকানন্দের শিক্ষাদর্শের কথা তুলে ধরেন। তিনি বলেন, “শিক্ষাই সর্ব রোগ হর মহৌষধ।” শিক্ষা যত প্রসারিত হবে, ততই মানুষের চরিত্র গঠন হবে এবং সেই চরিত্রই দেশ ও বিশ্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি ছাত্র সমাজকে নিজেদের চরিত্র গঠনের ওপর জোর দেওয়ার আহ্বান জানান। তার কথায়, আগে নিজেকে তৈরি করতে হবে, তারপর অন্যদের গড়ে তুলতে হবে। রানাঘাট কলেজ ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Nadia,West Bengal