Last Updated:
Rare White Bulbuli: কালীনগর এলাকার এক পুকুরপাড়ে দেখা মিলল সম্পূর্ণ সাদা রঙের রেড-ভেন্টেড বুলবুলি পাখির। বর্ধমানের পরিবেশপ্রেমী অর্ণব দাসের ক্যামেরায় বন্দি এই পাখিটি। এর আগে গুজরাটে আংশিক সাদা বুলবুল দেখা গেলেও, এমন সম্পূর্ণ শ্বেতশুভ্র বুলবুলির দেখা মেলা অত্যন্ত বিরল।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী মানেই পরিযায়ী পাখির স্বর্গরাজ্য। শীতের মরশুমে চুপি-সহ বিস্তীর্ণ জলাভূমিতে ভিড় জমায় দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি। কিন্তু এবার সেই পূর্বস্থলীই সাক্ষী থাকল এক সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত বিরল ঘটনার। প্রথমবারের মতো সেখানে দেখা মিলেছে সম্পূর্ণ সাদা রঙের একটি রেড-ভেন্টেড বুলবুলি বা লাল পুচ্ছের বুলবুলি পাখির। আর সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বর্ধমান শহরের পরিবেশপ্রেমী অর্ণব দাস।
সাধারণত রেড-ভেন্টেড বুলবুলির শরীরের উপরের অংশ কালচে, মাথায় কালো ঝুঁটি, লেজের পালক বাদামি-কালো এবং লেজের গোড়ার অংশে উজ্জ্বল লাল রঙের ছাপ থাকে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এই পাখির বিস্তার রয়েছে। কিন্তু পূর্বস্থলীতে দেখা পাওয়া এই বুলবুলিটি সম্পূর্ণ সাদা। বিশেষজ্ঞদের মতে, শরীরে মেলানিন রঞ্জকের ঘাটতির কারণেই এমন অস্বাভাবিক রঙের সৃষ্টি হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে, এটি একটি অল্পবয়সি বা জুভেনাইল পাখি।অর্ণব দাস জানান, পাখিটি পূর্বস্থলীর কালীনগর এলাকায় একটি পুকুরপাড়ে দেখা যায়। বুলবুলি স্বভাবতই খুব চঞ্চল, এক ডাল থেকে আরেক ডালে দ্রুত উড়ে বেড়ায়, ফলে তার ছবি তোলা বেশ কঠিন ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সক্ষম হন।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
