Last Updated:
Purulia Robbery Case: দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত পুরুলিয়ার স্বর্ণ ব্যবসায়ী। সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টায় লোহার রড দিয়ে ব্যবসায়ীর মাথায় আঘাত।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক সোনা ব্যবসায়ী। লোহার রডের আঘাতে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরুলিয়া জেলার বলরামপুর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলরামপুর থানার অন্তর্গত রাঙাডি গ্রামের বাসিন্দা দীপক কর্মকারের বড় উড়মা এলাকায় একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। অভিযোগ, নামশোল করমতল এলাকায় পৌঁছতেই দুটি মোটরবাইকে করে আসা প্রায় ছয়জন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। দুষ্কৃতীরা তাঁর কাছে থাকা সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। দীপকবাবু বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে অপর এক স্বর্ণ ব্যবসায়ী রাজেশ মাহাতো বলেন, তিনি প্রতিদিন দীপক বাবুর সঙ্গেই বাড়ি ফেরেন। এদিনও একসঙ্গে তারা ফিরছিলেন। বৃষ্টির কারণে ও গাড়ির গতি বেশি থাকার কারণে তিনি কিছুটা দূর এগিয়ে যান। হঠাৎ করেই তিনি ফিরে দেখেন দীপক বাবু সেখানে নেই। সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে তিনি যোগাযোগ করেন তখনই তিনি জানতে পারেন এই দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর বলরামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Robbery Case: সোনার গয়নার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা! বাধা দিতেই লোহার রডের আঘাত, দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম পুরুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ী