Last Updated:
RRB Exam Arrangements: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB CBT) বিরাট পদক্ষেপ। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন নিল বড় পদক্ষেপ। আগস্ট মাসে হাওড়া ও রুপসার মধ্যে চলতে চলেছে ৩ জোড়া বিশেষ মেমু এগজামিনেশন ট্রেন। জেনে নিন ট্রেনের নম্বর, সময়সূচি ও স্টপেজ।
পশ্চিম মেদিনীপুরের, রঞ্জন চন্দ: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) সিবিটি পরীক্ষার পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন আগামী অগস্ট মাসে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য হাওড়া ও রুপসার মধ্যে তিন জোড়া স্পেশাল মেমু এগজামিনেশন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি পরীক্ষার দিনগুলিতে চলাচল করবে এবং পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
রেল সূত্রে জানান হয়েছে, প্রথম স্পেশাল মেমু ট্রেনটি (০৮০০১) আগামী ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১২ এবং ১৩ অগস্ট হাওড়া থেকে সন্ধ্যা ৬টায় রওনা দিয়ে ওই দিনই রাত ১০টা ৪০ মিনিটে রুপসায় পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি (০৮০০২) আগামী ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ অগস্ট রুপসা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে রওনা হয়ে বিকেল ৫টা ২০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে।
একইভাবে দ্বিতীয় স্পেশাল ট্রেনটি (০৮০০৩) আগামী ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১২ এবং ১৩ অগস্ট হাওড়া থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে এবং পরদিন ভোর ৫টা ৩৫ মিনিটে রুপসায় পৌঁছবে। ফিরতি পথে এই ট্রেনটি (০৮০০৪) আগামী ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ অগস্ট রুপসা স্টেশন থেকে বিকেল ৪টে ২৫ মিনিটে রওনা দিয়ে ওই দিনই রাত ৯টা ১০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। তৃতীয় স্পেশাল ট্রেনটি (০৮০০৫) হাওড়া থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে দুপুর ১টায় রুপসায় পৌঁছবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরার পথে ট্রেনটি (০৮০০৬) রুপসা থেকে রাত ৮টা ২০ মিনিটে ছেড়ে পরদিন রাত ১টায় হাওড়ায় পৌঁছবে। এই ট্রেনটি আপ এবং ডাউন, উভয় পথেই আগামী ৩, ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১২, ১৩ এবং ১৪ অগস্ট চলাচল করবে। হাওড়া এবং রুপসার মধ্যে যাতায়াতের পথে ট্রেনগুলি মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর এবং জলেশ্বর স্টেশনে দাঁড়াবে। রেলের তরফ থেকে পরীক্ষার্থী এবং অন্যান্য যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণের জন্য যাত্রা শুরুর আগেই ট্রেনের সময়সূচি ও স্টপেজগুলি ভালভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Paschim Medinipur,West Bengal
Aug 01, 2026 10:03 PM IST
