Last Updated:
তৃণমূলের ভাঙনে তাঁর অবস্থান কি তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ এবার নীরবতা ভেঙে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ৷
বিদ্রোহে ভেঙে দু টুকরো তৃণমূলের লোকসভার সংসদীয় দল৷ ইতিমধ্যেই ২০ জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন৷ এই বিদ্রোহের মাঝে তাঁর সমর্থন কোন পক্ষের দিকে রয়েছে, তা নিয়ে এতদিন ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ অবশেষে মুখ খুললেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা৷
তবে মুখ খুলেও তৃণমূলের অস্বস্তি বাড়ালেন দলের তারকা সাংসদ৷ News18 -কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজের নেতা বলে মানেন না৷ তবে কৃতজ্ঞতাবশতই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন তিনি৷
আসানসোলের সাংসদ বলেন, ‘আমি অভিষেককে নিজের নেতা বলে মানি না৷ তৃণমূলের সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন৷ ফলে এখন আমি কীভাবে তাঁকে ছেড়ে যাই?’
একই সঙ্গে অবশ্য বিদ্রোহীদেরও সমালোচনা করেছেন শত্রুঘ্ন৷ তিনি বলেন, ‘দল ছেড়ে যাচ্ছেন তাঁদের মানুষের কাছে জবাবদিহি করতে হবে৷’
একই সঙ্গে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও শোনা গিয়েছে তৃণমূল সাংসদের গলায়৷ শত্রুঘ্ন বলেন, ‘রাজনৈতিক ভাবে আমার উত্থানের পিছনে বিজেপি রয়েছে৷ এটা অস্বীকার করার জায়গা নেই৷ কিন্তু নিশ্চয়ই কোনও বাধ্যবাধকতা ছিল বলেই আমি বিজেপি ত্যাগ করেছি৷ নরেন্দ্র মোদির নিশ্চিত ভাবে কৃতিত্ব প্রাপ্য৷ ওনার প্রাণশক্তিই অন্যরকমের৷ ২৪ ঘণ্টা উনি রাজনৈতিক ভাবে সক্রিয় থাকেন৷’
তবে তিনি বিজেপি ত্যাগ করলেও তাঁর পুত্র কুশ বিজেপি-র দিকেই ঝুঁকে পড়ছেন বলে জানিয়েছেন শত্রুঘ্ন৷ একই সঙ্গে তাঁর পরামর্শ, গোটা বিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে৷
Kolkata,West Bengal
Jun 25, 2026 10:03 PM IST
