Last Updated:
ভারতীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট করে জানানো হয়েছে যে বুধবার হাসিনার এই অনুষ্ঠানটির আয়োজন সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে করা হচ্ছে এবং এর সঙ্গে ভারত সরকার কোনও ভাবেই জড়িত নয়৷
দু বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে আসার পর আজই প্রথমবার প্রকাশ্যে আসার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শেখ হাসিনার৷ তার আগে ফের একবার শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের দাবিতে সরব হল ঢাকা৷
প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দু বছর আগে আজকের দিনেই ছাত্র আন্দোলনের জেরে দেশে ছেড়ে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা৷ তার পর থেকে অজ্ঞাতবাসেই রয়েছেন তিনি৷ কয়েকবার দেশবাসী এবং দলীয় কর্মীদের উদ্দেশে অডিও বা লিখিত বার্তা দিলেও কখনও প্রকাশ্যে আসেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী৷ অবেশেষে আজ বুধবার প্রকাশ্যে আসার কথা শেষ হাসিনার৷ তবে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি৷
২০২৫ সালেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের আদালত৷ বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি যেভাবে মানবতা বিরোধী পদক্ষেপ করেছেন, তারই শাস্তি হিসেবে এই নির্দেশ দেওয়া হয়৷ যদিও আদালতের এই রায়কে মানতে নারাজ হাসিনা৷ মনে করা হচ্ছে, জনসমক্ষে আসার পর বাংলাদেশে ফেরার প্রস্তুতিও শুরু করবেন হাসিনা৷ ২০২৪ সালে দেশ ছেড়ে চলে আসার পর থেকে ভারতেই অজ্ঞাতবাসে ছিলেন হাসিনা৷
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেফতার করার জন্য তাঁরা তৈরি৷ মঙ্গলবার জাহেদ উর রহমান জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে ঢাকা আইনি প্রক্রিয়া শুরু করতে চায় এবং সেকথা কূটনৈতিক মাধ্যমে নয়াদিল্লিকে বার বার জানানোও হয়েছে৷ বাংলাদেশ সরকারের ওই শীর্ষকর্তা বলেন, ‘শেখ হাসিনা যখন দেশে ফিরতে চান তখন চলে আসুন, আমরাও তৈরি৷ আমরা তাঁকে আইনের মুখোমুখি দাঁড় করাতে চাই৷ তিনি যাতে ন্যায়বিচার পান আমরা তা নিশ্চিত করব৷ তবে প্রথমে তাঁকে গ্রেফতার করা হবে৷ তার পর তিনি তাঁর যাবতীয় আইনি অধিকার পাবেন৷ এর পর আদালত তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখুক অথবা তাঁকে মুক্তি দিক বা অন্য কোনও শাস্তি দিক, আমাদের তা মেনে নিতে কোনও সমস্যা নেই৷’
একই সঙ্গে অবশ্য দিল্লিতে হাসিনার এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের সম্প্রচার না করার জন্য স্থানীয় সংবাদমাধ্যমকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা৷ হাসিনার কোনও মন্তব্য সম্প্রচার অথবা প্রকাশ করা যাবে না বলে বাংলাদেশের একটি ট্রাইবুনালের নির্দেশ রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ সরকার৷ যদিও হাসিনার সহযোগী আবু ওবাইধা আরিন দাবি করেছেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে চাপা দেওয়ার ঢাকার এই অপচেষ্টা সফল হবে না৷
Kolkata,West Bengal
