Last Updated:
আরপিএফ-এর তৎপরতায় শিয়ালদহ দক্ষিণ শাখায় নিশ্চিত হারিয়ে যাওয়া থেকে রেহাই পেল ২ শিশু। শিশু দুটিকে ফিরে পেয়ে খুশি তাদের বাবা-মা।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: আরপিএফ-এর তৎপরতায় শিয়ালদহ দক্ষিণ শাখায় নিশ্চিত হারিয়ে যাওয়া থেকে রেহাই পেল ২ শিশু। এর জেরেই পাচার হওয়া থেকে রক্ষা পেল ওই দুই শিশু।
রেল রক্ষী বাহিনী সূত্রে খবর, রবিবার ডাউন ক্যানিং লোকাল ট্রেনে চেপে বাড়িতে ফিরছিলেন নীশেশ গায়েন এবং শঙ্করী গায়েন। ট্রেন যখন গড়িয়া ষ্টেশনে থামে তখন তাঁরা দুই ছেলেমেয়েকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ষ্টেশনে। দম্পতির গন্তব্য ছিল উত্তর ২৪ পরগনার দুলদুলি গ্রামে। ওই দম্পতি প্রথমে ছেলেমেয়েকে ট্রেনে তোলেন, কিন্তু সেই মুহূর্তে ট্রেন ছেড়ে যায়। যার জেরে দম্পতি উঠতে পারেননি ট্রেনে।
এদিকে ছেলেমেয়ের কথা চিন্তা করে বিমর্ষ হয়ে পড়েন দম্পতি। ইতিমধ্যে চলন্ত ট্রেনে দুই শিশু কী করবে ভেবে উঠতে পারছিল না। অন্যান্য যাত্রীদের মধ্যে এক যুবক ওই দুই শিশুকে সোনারপুর ষ্টেশনে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই সময় এমন ঘটনা নজরে পড়ে আরপিএফ হেড কনষ্টেবল আশিস কুমার নায়েকের। তিনি তৎক্ষণাৎ ওই দুই শিশুকে নিজের অধীনে নেন।
এরপর ওই দুই শিশুকে জিঞ্জাসাবাদ করে একটি ফোন নম্বর পেয়ে যান, তড়িঘড়ি যোগাযোগ করেন। এরপর শিশু দুটির পরিবারকে ক্যানিং ষ্টেশনে আরপিএফ অফিসে আসতে বলা হয়। অন্য দিকে, ক্যানিং ষ্টেশনে ওই দুই ক্ষুদেকে আরপিএফ অফিসে নিয়ে আসা হয়। সেখানে এসআই এনকে পান্ডের নির্দেশে দুই শিশুকে কেক বিস্কুট দেওয়া হয়। কিছু সময় পরেই ক্যানিং স্টেশনে হাজির হয় ওই দম্পতি। এরপর নিয়ম মেনেই ক্যানিং আরপিএফ এর এসআই এনকে পান্ডের নির্দেশে দুই শিশুকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
