Last Updated:
Student Protest: রায়বাঘিনী হাইস্কুলের জমি ও জলাশয় দখলমুক্ত করতে সাহসী পদক্ষেপ নিল স্কুলের ছাত্ররা। অভিযোগ, স্কুলের নিজস্ব পুকুরটি জোরপূর্বক বালি দিয়ে ভরাট করা হয়েছিল। তারপর সেখানে বেআইনি দোকানপাট তৈরি করে ব্যবসা চলছিল। সমস্ত ভয় উপেক্ষা করে স্কুলের ছাত্ররা একজোট হয়ে বেআইনি নির্মাণগুলি তুলে জমিটি জবরদখলমুক্ত করেছে।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ক্যানিংয়ের রায়বাঘিনী স্কুলের জমি উদ্ধারে পড়ুয়াদের অভিযান। স্কুলের জমি ও জলাশয় দখলমুক্ত করতে এই নজিরবিহীন পদক্ষেপে সকলেই চমকে উঠেছেন। দীর্ঘদিন যে এই জায়গা দখল করেছিল তার শাস্তির দাবিও উঠেছে। সমস্ত ভয় অতিক্রম করে সোমবার ক্যানিং রায়বাঘিনী হাই স্কুলের ছাত্ররা একজোট হয়ে ভেঙে দেয় সেই বেআইনি নির্মাণ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল জমানায় রায়বাঘিনী হাই স্কুলের নিজস্ব রক্ষিত পুকুরটি জোরপূর্বক বালি দিয়ে ভরাট করে।
একাধিকবার বললেও কোন কাজ হয়নি। এই অভিযোগ উঠেছিল এলাকার কিছু প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু জলাশয় ভরাট করা নয়, ক্ষমতার অপব্যবহার করে সেই ভরাট করা জমিতে নিজেদের ব্যক্তিগত দোকানপাট তৈরি করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিলেন তাঁরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল স্কুলপড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের মনে। সোমবার সেই ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে।
স্কুলের ছাত্ররা স্বত:স্ফূর্ত প্রতিরোধ গড়ে তুলে ওই বেআইনি দোকানপাটগুলিতে ভাঙচুর চালায় এবং তা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। অবশেষে জলাশয়ের জমিটি সম্পূর্ণরূপে জবরদখলমুক্ত হল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ছাত্রদের সম্মিলিত প্রতিবাদের সামনে কেউ আসেনি। নির্বিঘ্নেই সব কাজ শেষ করে তারা। বর্তমানে জমি দখলমুক্ত হয়েছে। এই কাজ দেখতে প্রচুর মানুষজন সেখানে ভিড় করেছিলেন। ছাত্রদের এই সাহসিকতার প্রশংসা করছেন সকলেই। এলাকার মানুষজন জানিয়েছেন এই কাজ তাঁরা এতদিন করতে পারেন নি।
সেই কাজ এবার করছে ছাত্ররাই। তবে ছাত্রদের এই প্রতিবাদ স্বতস্ফূর্ত বলে দাবি তাদের। ছাত্র-ছাত্রীরা এরপর আবার কেউ এই কাজ করতে আসলে একই রকম ব্যবহার করা হবে। এই জমি দখলের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। স্কুলের জায়গা দখল হল কিভাবে তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। ছাত্ররা বর্তমানে অবৈধ স্থাপনা ভেঙে ফেলেছে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে প্রাশাসনিকভাবে শাস্তির দাবি করছেন তারা।
South Twenty Four Parganas,West Bengal
