Last Updated:
Success Story: আন্তর্জাতিক শুটিং মঞ্চে ফের নিজের দক্ষতার প্রমাণ রাখলেন আসানসোলের অভিনব সাউ। সোনা জয় করে ঘরে ফিরেছেন তিনি। একইসঙ্গে জার্মানিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারতীয় শুটাররা রীতিমত মঞ্চে কাঁপিয়ে দিয়েছেন। সবমিলিয়ে একাধিক পদক জয় করেছেন দেশের প্রতিযোগীরা। অভিনবের এই সাফল্যে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: আন্তর্জাতিক শুটিং মঞ্চে ভারতের জয়জয়কার। জার্মানির সুহলে অনুষ্ঠিত ২০২৬ আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় আসানসোলের ছেলের। আসানসোলের বাসিন্দা অভিনব সাউ। তিনি গোটা দেশের সঙ্গেসঙ্গে রাজ্যের মুখও উজ্জ্বল করেছেন। অভিনবের এই সাফল্যে খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে তাঁর কোচ সকলেই।
সোনা জয় করে অন্ডাল বিমানবন্দরে হয়ে ঘরে ফিরেছেন তিনি। বিমানবন্দরের সামনেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত মানুষের এই বাঁধভাঙা আবেগ দেখে আপ্লুত সোনাজয়ী এই শুটার। উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়নশিপে ভারতের অন্যতম বড় সাফল্য এসেছে ১০-মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে। এই প্রতিযোগিতায় শম্ভবী শ্রবণ ক্ষীরসাগরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনব।
যোগ্যতা অর্জন পর্বে ৬৩৪.৬ পয়েন্ট স্কোর করে ফাইনালে ওঠেন তাঁরা। ফাইনালে ৫০৫.৮ পয়েন্ট সংগ্রহ করে সোনা জয়ের লক্ষ্য পূরণ করেন। পাশাপাশি নতুন জুনিয়র বিশ্ব রেকর্ড গড়ে আন্তর্জাতিক শুটিং মহলে তোলপাড় ফেলে দিয়েছে এই জুটি। অভিনবের এই সাফল্যের খবর পেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী তাঁকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বলে খবর।
উল্লেখ্য, গত ১৬ থেকে ২৬ জুন জার্মানির সুহলে অনুষ্ঠিত হয় এই আইএসএসএফ জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। প্রতিযোগিতায় একাধিক পদক জিতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দেশ হিসেবে পদক তালিকার শীর্ষ স্থান দখল করেছেন ভারতের তরুণ শুটাররা। আর সেই বিজয়ী দলের অন্যতম কাণ্ডারি অভিনবের এই জয় রাজ্যের মাথায় এনে দিয়েছে গর্বের নতুন পালক।
Asansol,Barddhaman,West Bengal
