Last Updated:
Success Story: মাধ্যমিক ফেল হওয়ার পর চাকরি না পেয়ে শুরু করেছিলেন পিৎজা বিক্রি। আজ প্রতিদিন হাজার হাজার টাকার ব্যবসা করছেন হিতেশ। নিজের বাড়ি থেকে বাইক— একে একে পূরণ করছেন সব স্বপ্ন।
রাঁচি: রাঁচির বিগ বাজারের কাছে নিজের একটি ছোট পিৎজা আউটলেট চালিয়ে স্বপ্নপূরণ হিতেশের। তিনি জানান, বাড়ির আর্থিক অবস্থা ভাল না থাকায় বেশি পড়াশোনা করতে পারেননি। এমনকি মাধ্যমিক পরীক্ষায়ও পাশ করতে পারেননি ৷ এরপর তাঁর দাদা তাঁকে পিৎজা বানানো শিখিয়েছিলেন। আজ পরিস্থিতি এমন যে, অনেকেই বলেন— “নামি ও দামী পিৎজার দোকান ছেড়ে আপনার দোকানেই এসেছি।” প্রতিদিন ২০০-র বেশি মানুষ তাঁর দোকানে পিৎজা খেতে আসেন। যেখানে একটি পিৎজার দাম ৭০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে।
হিতেশ জানান, তিনি মূলত বিহারের হাজিপুরের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই তাঁর পরিবার রাঁচিতে থাকেন। ছোটবেলা থেকেই সংসারে অর্থাভাব ছিল। ফলে ঠিকমতো পড়াশোনা করতে পারেননি। সেই কারণেই ফেল করেন এবং পরে পড়াশোনার ইচ্ছাও চলে যায়। এরপর মনে হয়, এবার নিজের চেষ্টায় রোজগার করতে হবে। কিন্তু সমস্যা ছিল— মাধ্যমিক ফেল একজনকে চাকরি দেবে কে?
তারপর শুরু করলেন পিৎজা বানানো
হিতেশ জানান, এরপর তিনি পিৎজা বানানো শুরু করেন। তাঁর দাদা খুব ভাল পিৎজা বানাতে পারতেন এবং তিনিও এই কাজ করতেন। তাই বাড়িতে অনেক অনুশীলন করেন। তারপর বিগ বাজারের সামনে একটি ছোট আউটলেট খুলে পিৎজা বিক্রি শুরু করেন। এখন মাত্র ১৫-২০ মিনিটে ২০ থেকে ২৫টি পিৎজা বানিয়ে ফেলেন। কারণ, চাহিদা এতটাই বেশি। বড় ব্র্যান্ডের মতো প্যাকিং করেও গ্রাহকদের পরিবেশন করেন।
হিতেশ বলেন, তাঁর পিৎজার বিশেষত্ব হল কোয়ালিটি। তিনি এমন মানের পিৎজা বানান যা খাওয়ার পর মানুষ প্রশংসা করতেই বাধ্য হন। অনেকেই বলেন, “এটা তো একেবারে দামী দোকানের মতো!” চিজ থেকে শুরু করে মেয়োনিজ সস— সবই ভাল মানের ব্যবহার করেন। কোন উপকরণ কতটা পরিমাণে দিতে হবে, সেই বিষয়ে তিনি বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন। কোয়ালিটি ও পরিমাণ নিয়ে কোনওরকম আপস করেন না। এই নীতিকেই তিনি নিজের ব্যবসার মূলমন্ত্র করেছেন।
হিতেশ আরও জানান, প্রতিদিন সহজেই ২০০-র বেশি মানুষ তাঁর দোকানে আসেন। বিশেষ করে শনিবার ও রবিবার ভিড় আরও বেড়ে যায়। ফলে প্রতিদিন প্রায় ২০ হাজার টাকারও বেশি আয় হয়। যদিও এর মধ্যে খরচও রয়েছে।
আজ নিজের অনেক স্বপ্ন পূরণ করেছেন হিতেশ। নিজের বাড়ি তৈরি করেছেন, কম্পিউটার, ল্যাপটপ, বাইক সবই কিনেছেন। এখনও আরও স্বপ্ন রয়েছে। যেমন বিদেশ ভ্রমণ— সেটাও খুব শীঘ্রই পূরণ করতে চান তিনি।
Ranchi,Ranchi,Jharkhand
May 22, 2026 10:31 AM IST
