Last Updated:
এ দিন বিধানসভাতেও সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে কেজে কেজি সোনা উদ্ধার নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
সমীর রুদ্র, কৃষ্ণনগর: পুলিশের দাবি, সব্যসাচী দত্তের তিন কেজিরও বেশি গয়না রাখা ছিল তাঁর বাড়িতে৷ যদিও নদিয়ার জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার দাবি, পুলিশের দাবি সম্পূর্ণ মিথ্যা৷ সোমবার রাতে নদিয়া তাঁর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে যে গয়না উদ্ধার করা হয়েছে তাঁর নিজের এবং পরিবারের বাকি ৬ জন মহিলা সদস্যের৷
টিনা ভৌমিক সাহা জানিয়েছেন, সোমবার রাতে যখন পুলিশ তাঁর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়িতে হানা দেয় তখন তিনি কলকাতায় ছিলেন৷ পুলিশ বিরুদ্ধে পাল্টা অভিযোগও করেছেন টিনা৷ তৃণমূলনেত্রী বলেন, ‘৩ কেজি সোনা উদ্ধার হয়েছে৷ আমার নিজের গয়না ছাড়াও আমার মা, শাশুড়ি মা, আমার ভাইয়ের স্ত্রী, আমার জেঠিমা, আমার বোন, ঠাকুমার এক জায়গায় করে পুলিশ এই দাবি করছে৷ আমরা পাল্টা আইনি পদক্ষেপ করছি৷ সব সোনা আমাদের ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো আছে৷ কোনও সমস্যা নেই৷’
টিনার দাবি, তিনি এবং তাঁর স্বামী বাড়িতে ছিলেন না বলেই পুলিশকে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি৷ পুলিশ আগাম না জানিয়েই গভীর রাতে এভাবে তাঁর বাড়িতে হানা দিয়েছে বলে অভিযোগ টিনার৷ টিনার দাবি, একজন মহিলা বাড়িতে ৫০০ গ্রাম সোনা রাখতে আইনি কোনও বাধা নেই৷ তার পরেও তাঁর পরিবারের সাতজন মহিলার সোনা একত্রিত করে তা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ সোনা বাজেয়াপ্ত করার কোনও নথিও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূল নেত্রীর৷
তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার অত্যন্ত সম্ভ্রান্ত, আমরা সৎ ভাবে বাঁচি৷ যেভাবে বিষয়টি তুলে ধরা হচ্ছে, আমরা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছি৷’
টিনার দাবি, কিছুদিন আগে দলেরই জেলা পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তিনি৷ সেই রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে এবং তাঁর পরিবারের বদনাম করতে এই ঘটনা ঘটল বলে অভিযোগ তাঁর৷
Kolkata,West Bengal
