Last Updated:
Tulu Mondal: অভিযুক্ত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে পুলিশ সিল করে দিয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি চিন্তা ‘লিলি’কে নিয়ে। কিন্তু কে এই ‘লিলি’? কেন তাঁকে ঘিরেই বাড়ছে রহস্য ও জল্পনা?
বীরভূম, সৌভিক রায়: টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা সঙ্গে সোনার বাট। ওজন সব মিলিয়ে প্রায় ১৫ কেজি যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২২ কোটি টাকার কাছাকাছি। ২৯ জুলাই বীরভূমের মহম্মদবাজারে পাথর মাফিয়া টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় মিনারকে গ্রেফতার করা হলেও ফেরার টুলু৷ মিনারকে বৃহস্পতিবার সিউড়ি সদর আদালতে তোলা হলে বিচারক ৮ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। দিনভর টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাই পুলিশ।
এরপরেই সিল করে দেওয়া হয়েছে মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের বাড়ি। তাঁর খোঁজ পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। তবুও কোনওভাবে টুলু মণ্ডলের কোনও হদিস মিলছে না। পুলিশ আধিকারিকরা অনুমান করছেন টুলু হয়তো দেশ ছাড়িয়ে বিদেশের পথে রওনা দিয়েছে। আর সিউড়ির সুভাষপল্লিতে তল্লাশির পরে পুলিশের নির্দেশ ওই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে পরিচারিকা এবং কেয়ারটেকারদের, বেরিয়ে যাওয়ার সময় সঙ্গে বিশেষ কিছুই আনতে পারেননি তাঁরা। তবে সঙ্গে নিয়ে গিয়েছেন টুলুর ভালবাসার ও প্রিয় পোষ্য লিলিকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর ১২.১৫। ডিএসপি পদমর্যাদার আধিকারিক-সহ সিউড়ি থানার আইসি এবং বিশাল পুলিশ বাহিনী হানা দেয় টুলু মণ্ডলের সুভাষপল্লির বিলাসবহুল বাড়িতে। প্রায় ১৩ ঘণ্টা লাগাতার ম্যারাথন তল্লাশির পরে, রাত ১’টা নাগাদ সেই বিলাসবহুল বাড়ি থেকে বাইরে আসেন তাঁরা। যদিও তাঁদের হাতে তেমন কিছুই দেখা যায়নি। বর্তমানে ওই বাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বাড়িটিকে সুরক্ষিত রাখতে এবং সূত্র ও প্রমাণ লোপাট আটকাতে মোতায়েন করা হয়েছে কয়েকজন পুলিশকর্মীকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৯৩ কোটি টাকা সিজ করা হয়েছে।
Birbhum,West Bengal
