Last Updated:
UAE Announces Accelerated Pipeline: সংযুক্ত আরব আমিরশাহি হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানি বাড়াতে নতুন পাইপলাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান-আমেরিকা-ইসরায়েল সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে চাপ বাড়ায় ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প চালু করার লক্ষ্য রাখা হয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহি (UAE) শুক্রবার ঘোষণা করেছে, ফুজাইরাহ হয়ে অপরিশোধিত তেল রফতানি ক্ষমতা দ্বিগুণ করতে একটি বড় পাইপলাইন প্রকল্পের নির্মাণকাজ দ্রুততর করা হবে। ইরান-আমেরিকা-ইসরায়েল সংঘাত ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী এড়িয়ে তেল রফতানির বিকল্প পথ শক্তিশালী করতেই এই উদ্যোগ।
আবু ধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার এক বৈঠকে আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (ADNOC)-কে ‘ওয়েস্ট-ইস্ট পাইপলাইন’ প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেন। বর্তমানে নির্মীয়মাণ এই পাইপলাইন ২০২৭ সালের মধ্যে চালু হওয়ার কথা।
বর্তমানে উপসাগরীয় দেশগুলির মধ্যে কেবল UAE এবং সৌদি আরবই হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির পাইপলাইন ব্যবস্থা রাখে। অন্যদিকে কুয়েত, ইরাক, কাতার ও বাহরিন এখনও এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের উপর নির্ভরশীল।
ইরান-আমেরিকা-ইসরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে। সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর গুরুত্ব অপরিসীম।
Kolkata,West Bengal
