Last Updated:
এই ধরনের হামলা মুক্ত জলপথ পরিবহণে বাধা সৃষ্টি করে বলেও উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক৷ সাধারণ নাবিকদের উপরে হামলারও তীব্র নিন্দা করা হয়েছে৷
ইউক্রেনের ওডেসা বন্দরে জাহাজের উপরে হামলায় প্রাণ হারালেন ৪ জন ভারতীয়৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন ভারতীয়৷ ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে৷ গত ১৯ জুলাই সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে৷
জানা গিয়েছে, হামলার সময় এম ভি গোন্ডেন লিও নামে ওই জাহাজটিতে মোট ১৭ জন নাবিক ছিলেন৷ যে ৯ জন ভারতীয় এই হামলায় প্রাণ হারিয়েছেন তাঁরা হলেন, মুস্তাফা আম্মার, আয়মান দেইফাল্লা, রাকান বিশারা, ইয়াসের সান্তলি, মহম্মদ আল বাঘদাদি, অখিল জোয়ান, গুরপ্রীত সিং ভাট, গগন সিং এবং অভিষেক নিশাদ৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনে আমাদের দূতাবাসের পক্ষ থেকে গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং এই ঘটনার শিকার যারা হয়েছেন তাদের সবরকম সহযোগিতা করার চেষ্টা হচ্ছে৷ মৃত চারজন ভারতীয়ের পরিবারকেও সমবেদনা জানিয়েছে বিদেশমন্ত্রক৷
একই সঙ্গে পণ্যবাহী জাহাজের উপরে এই ধরনের হামলারও কড়া সমালোচনাও করেছে বিদেশমন্ত্রক৷
ইউক্রেন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার মিসাইল হামলায় ওই জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গত কয়েক সপ্তাহে নতুন করে দু দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার পর কৃষ্ণ সাগরে এটিই সবথেকে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেন৷
জানা গিয়েছে, ভুট্টা বোঝাই ওই জাহাজটিতে ভারতীয় এবং সিরিয়ার নাবিকরা ছিলেন৷ রাশিয়ার ছোড়া তিনটি ক্রুজ মিসাইল ওই জাহাজটির উপরে আছড়ে পড়ে৷ ইউক্রেনের কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, এই হামলায় চার জন ভারতীয় সহ জাহাজে থাকা মোট ৯ জনের মৃত্যু হয়েছে৷ এ ছাড়াও একজন মেরিটাইম পাইলট নিহত হয়েছেন৷ জাহাজের বাকি ৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে৷ জাহাজটির মালিকানা মুম্বইয়ের ওসান গ্রেস শিপিং নামে একটি সংস্থার বলে জানা গিয়েছে৷
Kolkata,West Bengal
