Last Updated:
Vietnam President To Lam Visit PM Modi: ভারত সফরে ভারতে টো লাম, রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা; সম্পর্ক মজবুত করতে উচ্চপর্যায়ের আলোচনা।
নয়াদিল্লি: ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম আগামী ৫ থেকে ৭ মে পর্যন্ত ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে বিদেশমন্ত্রক (MEA)।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করা লামের সঙ্গে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিনিধিদল থাকবে। এই দলে ভিয়েতনাম সরকারের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরাও থাকবেন। গত ৭ এপ্রিল ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই লামের প্রথম ভারত সফর।
বিদেশমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ৬ মে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গেও লামের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সফরের সূচিতে বোধ গয়া এবং মুম্বই সফরও অন্তর্ভুক্ত রয়েছে।
এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন ভারত ও ভিয়েতনামের মধ্যে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ১০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। ২০১৬ সালে নরেন্দ্র মোদির ভিয়েতনাম সফরের সময় এই সম্পর্কের উন্নীতকরণে সম্মতি হয়েছিল। বিদেশমন্ত্রক জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
Kolkata,West Bengal
