Last Updated:
এত বড় পরিবারের দায়িত্ব সামলাতে ইতিমধ্যেই GoFundMe-এর মাধ্যমে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার।
ব্রিসবেন: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ঘটেছে চিকিৎসাবিজ্ঞানের এক বিরল ঘটনা। কোনও ধরনের ফার্টিলিটি ট্রিটমেন্ট বা আইভিএফ ছাড়াই ৩৪ বছর বয়সি জেনিটার না’আমোআনা (Jenita Na’amoana) জন্ম দিয়েছেন চার অভিন্ন (Identical) কন্যাসন্তানের। চিকিৎসকদের দাবি, অস্ট্রেলিয়ায় এই ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।
বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনা অত্যন্ত বিরল। পরিসংখ্যান বলছে, প্রায় ১ কোটি ৫০ লক্ষ গর্ভধারণে মাত্র একবার এমনটি ঘটতে পারে। সাধারণত একটি নিষিক্ত ডিম্বাণু থেকে একটি শিশুর জন্ম হয়। কিন্তু এই ক্ষেত্রে একটি নিষিক্ত ডিম্বাণু চারটি সমান অংশে বিভক্ত হয়ে চারটি অভিন্ন কন্যাসন্তানের জন্ম দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জেনিটার আগে থেকেই চার সন্তানের মা ছিলেন। পঞ্চম সন্তানের পরিকল্পনাও ছিল না। তিনি তখন তাঁর সবচেয়ে ছোট সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন। সেই সময়ই জানতে পারেন, তিনি আবার অন্তঃসত্ত্বা। পরে আল্ট্রাসাউন্ডে চিকিৎসকেরা দেখেন, তাঁর গর্ভে একসঙ্গে বেড়ে উঠছে চারটি শিশু।
রয়্যাল ব্রিসবেন অ্যান্ড উইমেন্স হাসপাতালের মাতৃ ও ভ্রূণ বিশেষজ্ঞ ডা. অ্যালেক্সা বেন্ডল জানান, অস্ট্রেলিয়ায় তিনি আগে কখনও এমন ঘটনা দেখেননি। তাঁর মতে, বিশ্বজুড়েও এমন ঘটনা হাতে গোনা কয়েকবারই নথিভুক্ত হয়েছে। গর্ভাবস্থাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় জেনিটারকে। গর্ভধারণের ২৮ সপ্তাহের কিছু বেশি সময়ে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় চার কন্যাসন্তানের। তাঁদের নাম রাখা হয়েছে এমিলি, হ্যারিয়েট, ক্যাথরিন এবং অ্যালেক্সা। চিকিৎসক ডা. অ্যালেক্সা বেন্ডলের সম্মানেই এক কন্যার নাম রাখা হয়েছে ‘অ্যালেক্সা’।
চার কন্যার জন্মের পর জেনিটার পরিবারে এখন মোট আট সন্তানের সদস্য। বর্তমানে নবজাতকরা চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে রয়েছে। চিকিৎসকদের আশা, কিছুদিনের মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। ওই অর্থ চিকিৎসা, যাতায়াত, দৈনন্দিন খরচ এবং বড় পরিবারের জন্য ১০ থেকে ১২ আসনের একটি গাড়ি কেনার কাজে ব্যবহার করা হবে!
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
