Last Updated:
West Bengal Higher Secondary WBCHSE Class 12th Result 2026: চলতি বছর থেকেই প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি শুরু হয়। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়। যা গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত সংসদের।
বীরভূম: প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ১৫টি ভাষা, ১৬টি বৃত্তিমূলক বিষয় সহ ৬৬ বিষয়ে পরীক্ষা হয়েছিল এবার। বাংলা, ইংরেজি, হিন্দি এবং সাঁওতালি ভাষায় পরীক্ষা দিয়েছিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। সংসদ জানিয়েছে, মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন।
উচ্চমাধ্যমিকেও সিউড়ি তথা বীরভূমের জয়জয়াকার। ৪৯৪ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র শুভায়ন মণ্ডল। বড় হয়ে চিকিৎসক হতে চায় সে। সারাদিন স্কুল এবং টিউশনের পাশাপাশি মোট ৬ থেকে ৭ ঘণ্টা পড়াশোনা করত সে। পাশাপাশি ক্রিকেট দেখা এবং খেলার দুটোই ভালবাসে শুভায়ন। পছন্দের ক্রিকেটার বিরাট কোহলি। এছাড়াও ৪৮৯ নম্বর পেয়ে অষ্টম স্থানে জেলার আরও দুই পরীক্ষার্থী। সিউড়ি পাবলিক এন্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাইস্কুলের তপোব্রত দাস এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজারের পুষ্পিতা বাসুরি।
এবছর পাশের হার ৯১.২৩ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৯.৭১ শতাংশ। মেয়েদের পাশের হার ৯২.৪৭ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। মোট ৬৪ জন প্রথম দশের তালিকায় রয়েছেন।
চলতি বছর থেকেই প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি শুরু হয়। দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়। যা গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত সংসদের। চলতি বছরে বিধানসভা নির্বাচনের কারণে মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আনা হয়। পরীক্ষা শুরু হয় ১২ ফেব্রুয়ারি। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এ বার পরীক্ষা শেষের দু’মাস ১৬ দিনের মাথায় ফল ঘোষণা করল সংসদ।
সৌভিক রায়
Birbhum,West Bengal