Last Updated:
WB HS Result 2026: সৌম্যদীপের পারিবারিক লড়াই নজরকাড়া। তার মা ইসিএল-এর বহুলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। বাবা পেশায় এক বেসরকারি পরিবহন কর্মী। নিম্নবিত্ত পরিবারে আর্থিক টানাটানি থাকলেও ছেলের পড়াশোনার পথে কখনও বাধা হয়ে দাঁড়াননি তাঁরা।
অন্ডাল, পশ্চিম বর্ধমান: উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান দখল করে শিল্পাঞ্চল ও খনি অঞ্চলের মুখ উজ্জ্বল করল অন্ডালের সৌম্যদীপ খাঁ। তার প্রাপ্ত নম্বর ৪৯১। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের বাসিন্দা সৌম্যদীপের এই সাফল্যে খুশির হাওয়া এলাকা জুড়ে। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মেধাবী ছাত্রের কৃতিত্বে গর্বিত জেলাবাসী।
সৌম্যদীপের পারিবারিক লড়াই নজরকাড়া। তার মা ইসিএল-এর বহুলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মী। বাবা পেশায় এক বেসরকারি পরিবহন কর্মী। নিম্নবিত্ত পরিবারে আর্থিক টানাটানি থাকলেও ছেলের পড়াশোনার পথে কখনও বাধা হয়ে দাঁড়াননি তাঁরা। স্থানীয় স্কুলেই শুরু হয়েছিল সৌম্যদীপের পড়াশোনার হাতেখড়ি।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল সৌম্যদীপ। মিশনের কঠোর অনুশাসন আর নিজের নিরলস পরিশ্রমই তাকে আজ মেধা তালিকার প্রথম সারিতে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখছে সৌম্যদীপ।
সৌম্যদীপের মা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার সুবাদে জানেন, মানুষের কাছে সুচিকিৎসা কতখানি জরুরি। তাই ছেলে ডাক্তার হতে চাইলে তিনি পূর্ণ সমর্থন দেবেন। খনি অঞ্চলের এক সাধারণ পরিবারের ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শিক্ষকরাও। ফলাফল প্রকাশের পর থেকেই অন্ডালে সৌম্যদীপের বাড়িতে ভিড় জমাচ্ছেন প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা।
Durgapur,Barddhaman,West Bengal
