Last Updated:
West Bardhaman News: মাঠ থেকে সেই গাড়ি যখন রাস্তায় উঠে আসছে, তখন গোটা রাস্তা ঢাকছে কাদায়। কিন্তু সেই রাস্তা পরিষ্কার করা হচ্ছে না। ফলে পিচের রাস্তার উপর মোটা কাদার আস্তরণ পড়েছে। যার ফলে চলাচল করা বিপদের সমার্থক হয়ে উঠেছে।
পশ্চিম বর্ধমান: পাকা পিচের রাস্তা হঠাৎ যেন বদলে গিয়েছে মেঠো রাস্তায়। গোটা রাস্তা ঢেকেছে কাদায়। হালকা বৃষ্টি হলে সেই রাস্তা দিয়ে চলাচল যেন কার্যত যুদ্ধ হয়ে যাচ্ছে। রাস্তা পারাপার করতে গিয়ে সমস্যায় পড়ছেন ছোট থেকে বড়, বিভিন্ন গাড়ির চালকরা। তবে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন সাইকেল চালক এবং বাইক চালকরা। রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে ছোটখাটো দুর্ঘটনাও সামনে এসেছে।
মূলত এই সময় বোরো ধান কাটার মরশুম চলছে গ্রামীণ এলাকাগুলিতে। এখন হারভেস্টার এবং ট্রাক্টরের মাধ্যমেই ধান কাটার কাজ চলছে। আর মাঠ থেকে সেই গাড়ি যখন রাস্তায় উঠে আসছে, তখন গোটা রাস্তা ঢাকছে কাদায়। কিন্তু সেই রাস্তা পরিষ্কার করা হচ্ছে না। ফলে পিচের রাস্তার উপর মোটা কাদার আস্তরণ পড়েছে। যার ফলে চলাচল করা বিপদের সমার্থক হয়ে উঠেছে।
বাইক চালকরা ঘুরপথে যাওয়ার চেষ্টা করছেন। নিতান্ত উপায় না থাকলে খুব সাবধানতার সঙ্গে সেই রাস্তা পারাপার করছেন। অন্যদিকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চাইছে না ব্যাটারিচালিত টোটো। প্রথমত কাদায় গাড়ি নোংরা হয়ে যাওয়া, এবং রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে টোটো চালাতে অসুবিধা হচ্ছে চালকদের। সেই কারণে তাঁরা যাত্রী তুলতে অস্বীকার করছেন। ফলে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
এলাকার বাসিন্দাদের আশঙ্কা, অবিলম্বে রাস্তা থেকে এই কাঁদা আস্তরণ সরানো না হলে যেকোনও সময় হতে পারে বড়সড় দুর্ঘটনা। তাছাড়াও রাস্তায় বেরিয়ে নানারকম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। তাই প্রশাসনের উদ্যোগে রাস্তা পরিষ্কার করানোর দাবি উঠেছে। অন্যদিকে এই বিষয়ে যাতে কৃষকরা একটু সতর্কতা রাখেন, বিশেষ করে যারা রাস্তায় কাদামাখা গাড়ি তুলছেন, তাঁরা যাতে রাস্তা পরিষ্কার রাখার ব্যবস্থা করেন, সেই বিষয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করার আবেদনও উঠেছে।
Asansol,Barddhaman,West Bengal
