Last Updated:
West Bardhaman News: জামুড়িয়ার পড়াশিয়া কোলিয়ারি এলাকার এক বিয়েবাড়িতে আমন্ত্রিত শিশুদের জন্য রাখা জুসের প্যাকেটে মিলল অসংখ্য জ্যান্ত পোকা। স্ট্র ঢুকতে বাধা দেওয়ায় প্যাকেটটি কাটতেই সামনে আসে এই হাড়হিম করা দৃশ্য। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা খাদ্য সুরক্ষা দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন।
জামুড়িয়া, পশ্চিম বর্ধমান: বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই বিন্দুমাত্র অস্বাভাবিকতা। আপাতদৃষ্টিতে সিল করা একটি ব্রান্ডেড ম্যাঙ্গো জুসের প্যাকেট। কিন্তু সেই প্যাকেটটি কাটতেই ভিতরে যা দেখা গেল, তাতে শিউরে উঠলেন বিয়েবাড়ির অতিথিরা। অভিযোগ, সিল করা প্যাকেটের ভিতরে কিলবিল করছে অসংখ্য জীবন্ত পোকা! পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার পড়াশিয়া কোলিয়ারি এলাকার একটি বিয়েবাড়ির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফের বড়সড় প্রশ্নের মুখে প্যাকেটজাত পানীয়ের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য প্রায় ১০০টি ছোট ম্যাঙ্গো জুসের প্যাকেট কেনা হয়েছিল। আমন্ত্রিত অতিথিদের অধিকাংশেরই তা বিতরণ করা হয়ে যায়। অনুষ্ঠান শেষে অবশিষ্ট কয়েকটি প্যাকেটের একটি এক শিশুকে দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি বাঁধে সেখানেই। শিশুটি প্যাকেটে স্ট্র ঢোকাতে গেলে দেখা যায় স্ট্রটি ভিতরে ঢুকছে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। প্যাকেটের ছিদ্রটি সামান্য বড় করতেই প্রথমে একটি কালচে রঙের জমাট বাঁধা আস্তরণ নজরে আসে। এরপর কৌতুহলবশত পুরো প্যাকেটটি কেটে খুলতেই উপস্থিত সকলের চক্ষু চড়কগাছ! অভিযোগ, পানীয়ের ভিতরে কিলবিল করছে অজস্র জীবন্ত পোকা।
অতীতেও বিভিন্ন সময়ে প্যাকেটজাত বা কোমল পানীয়ের বোতলে টিকটিকি, ছত্রাক কিংবা পোকামাকড় পাওয়ার অভিযোগ সামনে এসেছে। জামুড়িয়ার এই ঘটনা সেই বিতর্ককেই ফের উসকে দিল। তবে এই ঘটনার পিছনে উৎপাদন প্রক্রিয়ার কোনও ত্রুটি রয়েছে, নাকি সংরক্ষণের গাফিলতি দায়ী, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট খাদ্য সুরক্ষা দফতরের তদন্তের দিকেই নজর রাখছেন সকলে।
Asansol,Barddhaman,West Bengal
