Last Updated:
West Bengal Election 2026 Phase 2 Voting Percentage: বাংলার ভোটে ভেঙে গেল অতীতের সব রেকর্ড। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ হারে ভোট পড়ল রাজ্যে।
কলকাতা: স্বাধীনতার পর থেকে ভোটের হারে সব রেকর্ড ভেঙে চুরমার বাংলায়৷ নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে বুধবার সন্ধ্যা ৬ পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে পড়েছে ৯১.৩% ভোট৷ রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন,‘‘প্রথম এবং দ্বিতীয় দুই দফাতেই শতাংশের বিচারে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ হারে ভোট পড়ল পশ্চিমবঙ্গে৷ নির্বাচনের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব৷’’
প্রথম দফার মতো বুধবার দ্বিতীয় দফার নির্বাচনেও সন্ধ্যা ৬টার পরও বিভিন্ন বুথে চলেছে ভোটদান। ফলে ভোটের এই হারের হেরফের হবে। প্রথম দফার ভোটে রাজ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৯২.৪৭ শতাংশ। শেষ পর্যন্ত তা বেড়ে হয় ৯৩.১৯ শতাংশ। এখনও পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম পড়েছে কলকাতা দক্ষিণে।
প্রসঙ্গত বাংলায় দ্বিতীয় দফার ভোটে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৯৭৬ (৩,২১,৭৩,৯৭৬)। বুধবার মোট সাতটি জেলায় ভোটগ্রহণ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান জেলায় এদিন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন নাগরিকরা। দ্বিতীয় দফার ভোটের অন্যতম নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, পুলক রায়, অরূপ রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো মন্ত্রীদের কেন্দ্রেও ভোট বুধবারই।
বামেদের উল্লেখযোগ্য মুখের মধ্যে অন্যতম যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্য, পানিহাটিতে কলতান দাশগুপ্ত, দমদম উত্তরে দীপ্সিতা ধর এবং উত্তরপাড়ায় মিনাক্ষী মুখোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার লড়ছেন হুগলির শ্রীরামপুর আসন থেকে। দুই শিবিরেরই একাধিক তারকা প্রার্থীর ভোট-ভাগ্য নির্ধারণ হচ্ছে দ্বিতীয় দফার বিভিন্ন আসনে। রয়েছেন তৃণমূলের অদিতি মুন্সী, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, বিজেপির শর্বরী মুখোপাধ্যায়, পাপিয়া আধিকারী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ-সহ অনেকেই।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
