Last Updated:
Woman: যমজ কন্যাসন্তানের জন্ম, পুত্রবধূকে বাড়ির বাইরে এনে বেধড়ক মার শ্বশুরবাড়ির সদস্যদের। প্রতিবাদ করায় বাদ গেল না বাড়ির ছেলেও।
কটক: কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ পুত্রবধূর উপর নৃশংস অত্যাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়াল ওড়িশার কটক জেলার মহাঙ্গা এলাকায়। যমজ কন্যাসন্তানের জন্ম দেওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের হাতে মারধরের শিকার হন ২২ বছরের এক গৃহবধূ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।
নির্যাতিতার নাম পার্বতী জেনা। অভিযোগ, শুক্রবার রাতে মহাঙ্গা থানার অন্তর্গত পশুলুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। পার্বতীর শ্বশুর সমুল্য জেনা, শাশুড়ি মঞ্জুলতা জেনা এবং ননদ বর্ষারানি তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, যমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তাঁকে দোষারোপ করা হয় এবং সন্তানদের লালনপালনের খরচ কে বহন করবে তা নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়।
স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন পার্বতীর স্বামী চন্দ্রশেখর জেনা। কিন্তু তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর নবদম্পতি এবং সদ্যোজাত দুই কন্যাসন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পার্বতীর বাবা অজয় জেনা ও ভাই ধনেশ্বর জেনা। অভিযোগ, তাঁদেরও হুমকি দিয়ে বলা হয়, মেয়ে ও নাতনিদের নিয়ে চলে যেতে, না হলে প্রাণে মেরে ফেলা হবে।
ঘটনার পর মহাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত মূল অভিযুক্তরা পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে ফের সমাজে কন্যা সন্তানকে ঘিরে বৈষম্য ও নারী নির্যাতনের প্রশ্ন সামনে উঠে এসেছে। নারী অধিকার কর্মীদের একাংশের বক্তব্য, আজও দেশের বহু প্রান্তে কন্যা সন্তান জন্ম দেওয়াকে ‘অভিশাপ’ বলে মনে করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
Kolkata,West Bengal
