Last Updated:
Zubeen Garg: বাংলা চলচ্চিত্রে এক অন্য স্বাদ নিয়ে আসবে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’৷ কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর অপ্রকাশিত গান ফিরছে এই ছবির মধ্য দিয়ে৷ আজও মানুষের মুখে মুখে ফেরে প্রয়াত গায়ক জুবিন গর্গের গান।
কলকাতা: বাংলা চলচ্চিত্রে এক অন্যরকম আবেগের গল্প নিয়ে আসছে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিন দা’। কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ-এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালবাসা এবং তাঁর সঙ্গীতের প্রভাবকে কেন্দ্র করে নির্মিত এই ছবির গল্প, সঙ্গীত ও পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী প্রীতম। ছবিটির প্রযোজক এমডি ফারুক উদ্দিন। গ্রিবস মিডিয়া অ্যান্ড প্রোডাকশন প্রাইভেট লিমিটেড এবং বর্ষা মুভিজ-এর উপস্থাপনায় নির্মিত এই ছবি সঙ্গীত, আবেগ, স্বপ্ন এবং সংগ্রামের এক অনন্য মেলবন্ধন।
‘লাভ ইউ জুবিন দা’-র গল্পের কেন্দ্রে রয়েছে বিশাল, একজন সংগ্রামী গায়ক। ছোটবেলা থেকেই তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুবিন গর্গ। বহুবার চেষ্টা করেও প্রিয় শিল্পীর সঙ্গে দেখা করার সুযোগ হয় না তাঁর। কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে যখন তিনি সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে যান, তখনই জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত সঙ্কট। একদিকে শৈশবের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, অন্যদিকে জীবনের কঠিন বাস্তবতা—এই দ্বন্দ্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ছবির কাহিনি। শেষ পর্যন্ত এক চমকপ্রদ রহস্যময় মোড় দর্শকদের সামনে তুলে ধরবে এক গভীর আবেগের গল্প।
পরিচালক ও সঙ্গীত পরিচালক শ্রী প্রীতম বলেন, “২০১১ সাল থেকে মিউজিক ডিরেক্টর হিসেবে টলিউডে জুবিনদার সঙ্গে বহু গান করার সৌভাগ্য হয়েছে। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে তাঁকে খুব কাছ থেকে জানার সুযোগ পেয়েছি। সেই ভালবাসা ও শ্রদ্ধা থেকেই এই ছবির ভাবনা। গল্পটি প্রযোজক এমডি ফারুক উদ্দিনকে শোনানোর পর তিনি সঙ্গে সঙ্গেই ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেন। এরপর গরিমাদির কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কাজ শুরু হয়। জুবিনদার দুটি অপ্রকাশিত গান এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ। পুরো ছবির মাধ্যমে আমি তাঁকে শ্রদ্ধা জানানোর আন্তরিক চেষ্টা করেছি। এই ছবি আমার জীবনের এক সোনালি অধ্যায়।”
এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন বর্ষা সেনগুপ্ত। তিনি বলেন, “শ্রী প্রীতমের মাধ্যমে জুবিন দার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তাঁর স্নেহ, ভালবাসা এবং একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান। এই ছবির পরিকল্পনা থেকে শুরু করে চিত্রনাট্য লেখা পর্যন্ত প্রতিটি ধাপের আমি সাক্ষী। এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। একই সঙ্গে দায়িত্বও অনেক বেড়েছে। গরিমাদির কাছ থেকেও অনেক শুভেচ্ছা ও ভালবাসা পেয়েছি। দর্শকদের জন্য আমার সেরাটা দেওয়ার অপেক্ষায় আছি।”
ছবির নায়ক ইকবাল রহিমি বলেন, “জুবিন গর্গ শুধু একজন শিল্পী নন, তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। তাঁর নামের সঙ্গে অসংখ্য মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এমন একটি ছবির অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমি এই চরিত্রের জন্য আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। আশা করি, আমাদের এই প্রচেষ্টা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং ছবিটি তাঁদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।”
‘লাভ ইউ জুবিন দা’ ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে বর্ষা সেনগুপ্ত এবং ইকবাল রহিমিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত। একজন শিল্পীর প্রতি ভালবাসা, এক স্বপ্নবাজ তরুণের সংগ্রাম এবং সঙ্গীতের অসীম শক্তিকে একসূত্রে বেঁধে তৈরি হয়েছে ‘লাভ ইউ জুবিন দা’। নির্মাতাদের আশা, আবেগ, সুর এবং মানবিকতার এই গল্প দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে এবং বাংলা চলচ্চিত্রে এক নতুন মিউজিক্যাল অভিজ্ঞতার সূচনা করবে। ছবির পোস্টার লঞ্চ হতে চলছে আসামের গুয়াহাটিতে , জুবিন গর্গ এর স্ত্রী গরিমা গর্গ এর হাত ধরে৷
Kolkata,West Bengal
