কলকাতা: সরকারি জীবন বিমা সংস্থা LIC বা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়াকে ICICI ব্যাঙ্কে সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব অধিগ্রহণের অনুমোদন দিল RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নিয়ন্ত্রক সংস্থার এই অনুমোদনের ফলে দেশের অন্যতম বৃহত্তম ব্যাঙ্কে LIC-এর মালিকানা বৃদ্ধির পথ সুগম হল।
ICICI ব্যাঙ্কের পক্ষ থেকে শেয়ার বাজারে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন অনুযায়ী LIC ব্যাঙ্কটির পেড-আপ শেয়ার ক্যাপিটাল অথবা ভোটাধিকার মিলিয়ে সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব অধিগ্রহণ করতে পারবে।
তবে এই অনুমোদনের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক যে তারিখে চিঠি দিয়ে এই অনুমোদন দিয়েছে তার থেকে এক বছরের মধ্যে LIC-কে এই অধিগ্রহণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অংশীদারিত্ব না বাড়ালে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আরও পড়ুন: E20 পেট্রোল নিয়ে টানটানির সময় ডিজেল কি ফিরছে মূল ধারায়? হুন্ডাই ভেন্যু ডিজেল কতটা নির্ভরতা দেয়?
ICICI ব্যাঙ্ক জানিয়েছে, ৪ সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯টা ৯ মিনিটে তারা রিজার্ভ ব্যাঙ্কের ওই অনুমোদনপত্রের একটি কপি পেয়েছে। অনুমোদনটি নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষ এবং LIC-কে সংশ্লিষ্ট সমস্ত আইন ও নিয়ন্ত্রক বিধি মেনে চলতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষেই অংশীদারিত্ব বাড়ানোর প্রক্রিয়া এগোবে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্কেও সর্বোচ্চ ৯.৯৯ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব বাড়ানোর জন্য LIC-কে একই ধরনের অনুমোদন দিয়েছিল RBI। গত ১৯ অগস্ট HDFC ব্যাঙ্কের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ক LIC-র অতিরিক্ত অংশীদারিত্ব অধিগ্রহণের আবেদন অনুমোদন করেছে। বর্তমানে HDFC ব্যাঙ্কে LIC-এর প্রায় ৪.১১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
একাধিক বড় বেসরকারি ব্যাঙ্কে অংশীদারিত্ব বাড়ানোর অনুমোদন পাওয়ায় ভারতের আর্থিক পরিষেবা ক্ষেত্রে LIC-এর বিনিয়োগ কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই অনুমোদন ভবিষ্যতে LIC-র বিনিয়োগ পোর্টফোলিও আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করতে সহায়ক হতে পারে।