Last Updated:
ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। তাদের দাবি, এয়ার ইন্ডিয়ার এয়ারবাস A321 অমৃতসরে অবতরণের আগে ‘হোল্ডিং প্যাটার্নে’ যেতে বাধ্য হয়। কারণ, এর কিছুক্ষণ আগে একটি পাখির ধাক্কার ঘটনায় রানওয়ের নিরাপত্তা পরীক্ষা চলছিল।
অমৃতসর: দিল্লি থেকে পঞ্জাব যাওয়ার পথে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, আন্তর্জাতিক সীমানা পেরনোর পর পাকিস্তানের লাহোর এটিসির তরফে সতর্কবার্তা দেওয়া হয় বিমানটিকে। তার পর ফের ভারতের আকাশে ফিরে আসে বিমানটি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অমৃতসরে নামার ঠিক আগেই ঘটনাটি ঘটে। বিমানকে অপেক্ষা করতে বলা হয়েছিল। সেই সময় ‘গো-অ্যারাউন্ড’ বা পুনরায় অবতরণের প্রস্তুতির জন্য ঘুরতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে ডিজিসিএ ৷
বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) বুধবার (২৪ জুন, ২০২৬) জানিয়েছে যে, অমৃতসরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ঘটনাটি রিপোর্ট না করার কারণে সংশ্লিষ্ট বিমান সংস্থার অপারেটিং ক্রুদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন, ২০২৬) এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানায়, ঘটনাটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সংস্থার পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্ত চলছে। ডিজিসিএ জানিয়েছে, রাডার ভেক্টরিংয়ের সময় বিমানটি অবতরণের প্রক্রিয়া শুরু করার পর অল্প সময়ের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেছিল ডিজিসিএর বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনাটি পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করা হয়েছিল। পরে বিমানটিকে দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।”
২০২৫ সালের এপ্রিল মাস থেকেই পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গত ২২ জুন দিল্লি থেকে অমৃতসরগামী AI479 বিমানটি অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় ‘গো-অ্যারাউন্ড’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে যায়।
ডিজিসিএ জানিয়েছে, রাডার নির্দেশনা অনুযায়ী বিমানটি ঘোরানোর সময় পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। তবে সামান্য সময়ের জন্য। পরে পাকিস্তানের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। শেষ পর্যন্ত বিমানটিকে অমৃতসরে নামানো সম্ভব হয়নি। সেটি ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গিয়ে অবতরণ করান পাইলট।
Kolkata,West Bengal
