মুম্বই: ডেঙ্গিতে আক্রান্ত হলেন অভিনেত্রী অবিকা গোর। অবস্থা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি হল তাঁকে। গত পাঁচ দিন ধরে তাঁর জ্বর ছিল বলে জানা গিয়েছে। পরীক্ষা করালে ডেঙ্গি ধরা পড়ে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। স্বামী মিলিন্দ চাঁদওয়ানি জানিয়েছেন, জ্বর গায়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন অবিকা। অনুরাগীদের তিনি প্রার্থনা করতে বলেছেন, যাতে অবিকা দ্রুত সেরে ওঠেন। (Avika Gor)
‘বালিকা বধূ’ খ্য়াত অবিকার অসুস্থতার কথা সকলকে জানিয়েছেন মিলিন্দই। ভিডিওো বার্তায় তিনি বলেন, “গত রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে অবিকাকে। গত পাঁচ দিন ধরে ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল ওর। আর ওই পাঁচ দিন ও কী করছিল? একটি প্রজেক্টের জন্য শ্যুটিং করতে গিয়েছিল, যা বেশ কিছুদিন ধরে আটকে ছিল। ১০৪ ডিগ্রি জ্বর নিয়েই অসাধারণ পারফর্ম্যান্স দেখিয়েছে। এত ভাল কাজ করেছে যে দু’দিন ধরে কাজ চলার কথা থাকলেও, একদিনেই শ্যুটিং মিটে গিয়েছে।” (Avika Gor Hospitalised)
আরও পড়ুন: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
মিলিন্দ জানিয়েছেন, শ্যুটিংয়ের পর দু’দিনের ব্রেক ছিল। কিন্তু পরদিন বিছানা ছেড়ে নামতেই পারেননি অবিকা। নড়াচড়া করতে পারছিলেন না তিনি। এমনকি খেতেও পারছিলেন না। তার পরও কিছু কাজের প্রতিশ্রুতি রক্ষা করতে দিল্লি যাওয়ার কথা ছিল। ওই জ্বর গায়েই দিল্লি রওনা দেন। জ্বর নিয়েই একটি বিজ্ঞাপনের শ্যুটিং সারেন তিনি। যাওয়ার আগে টেস্ট করিয়েছিলেন অবিকা। মুম্বই ফিরে আসার পর রিপোর্ট হাতে পান। তাতেই দেখা যায় ডেঙ্গি হয়েছে তাঁর।
তিনি অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অবিকা কথা কানে তোলেননি বলে দাবি মিলিন্দের। তাঁর কথায়, ” আমি বুঝিয়েছিলাম প্রযোজকরা নিশ্চয়ই বুঝবেন। ও খালি বলছিল, ‘অনেক ক্ষতি হয়ে যাবে। সময় নষ্ট হবে। অর্থক্ষয়ও হবে বেশ। আমি তা হতে দিতে পারি না। যতটা সম্ভব করব’।” অবিকার প্রশংসাও করেন মিলিন্দ। বলেন, “নিজের কাজের প্রতি এত নিবেদিত হতে পারে কেউ, তা আগে বুঝতে পারিনি। নিজের কাজের প্রতি ওর যে শ্রদ্ধা, মানুষের সময়কে যতটা মূল্য় দেয়, মনে হয় না ইন্ডাস্ট্রির আর কেউ এমনটা করে। সকলকে অনুরোধ, ওর জন্য প্রার্থবা করুন। অবিকা, তোমাকে নিয়ে গর্ব বোধ করি।”
আরও পড়ুন: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
অবিকার টিমের একজন জানিয়েছেন, দিল্লিতে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দাঁড়িয়ে থাকার জোরও পাচ্ছিলেন না অবিকা। তার পরও শ্যুটিং সারেন। কিছু খেতে পারছিলেন না। শুধু ORS চলছিল।
‘বালিকা বধূ’ সিরিয়ালের দরুণ ছোট্ট বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান অবিকা। তার পরও একের পর এক সিরিয়াল এবং ছবিতে অভিনয় করেছেন। রিয়্যালিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। কাজের সূত্রেই মিলিন্দের সঙ্গে আলাপ তাঁর। ২০২০ সালে সম্পর্কে সিলমোহর দেন তিনি। প্রায় পাঁচ বছরের প্রেমপর্বের পর ২০২৫ সালের জুন মাসে বাগদান সারেন। ওই বছরই সেপ্টেম্বর মাসে রিয়্যালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’রসেটে বিয়ে সারেন অবিকা এবং মিলিন্দ।