মুম্বই: শুধু ভারতের নয়, গোটা বিশ্ব ক্রিকেটের বিস্ময় তারকা। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে। আর অভিষেকেই হইচই ফেলে দিয়েছিল। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে ইতিহাস গড়ে। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি।
সেই বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আইপিএল চলাকালীনই পেল বড় সুসংবাদ। শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় এ দলে সুযোগ পেল বৈভব। ১৫ সদস্যের দলে বিহারের কিশোরকে রেখেছেন নির্বাচকেরা। জুন মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এ দলের সঙ্গে এই ত্রিদেশীয় সিরিজে খেলবে ভারত। দলের অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে (Tilak Varma)। দলের সহ অধিনায়ক করা হয়েছে রিয়ান পরাগকে (Riyan Parag)।
দুর্দান্ত ছন্দে রয়েছে বৈভব। ১৫ বছরের ক্রিকেটার এবারের আইপিএলেও ৩৬ বলে সেঞ্চুরি করেছে। রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে ভয়ঙ্কর দেখাচ্ছে তার জন্যই। এর আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছে। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৭৫ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলে। এবার পেল আরও বড় সুযোগ। এবার তাকে নেওয়া হল ভারত এ দলে।
চলতি আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছে বৈভব। ১১ ইনিংসে ৪৪০ রান করেছে রাজস্থান রয়্যালসের জার্সিতে। তার স্ট্রাইক রেট? চমকে ওঠার মতো। ২৩৬.৫৬। অর্থাৎ, প্রত্যেক একশো বলে ২৩৬.৫৬ রান করেছে বৈভব। টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি ছক্কা মেরেছে বৈভব।
ত্রিদেশীয় সিরিজের ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন আইপিএলে নজর কাড়া প্রিয়াংশ আর্য (Priyansh Arya), প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh), অংশুল কম্বোজ (Anshul Kamboj) ও সূর্যাংশ শেডগে (Suryansh Shedge)।
আরও পড়ুন: ক্রীড়ামন্ত্রীকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের, বাংলার খেলাধুলো নিয়ে কী বার্তা দিলেন নিশীথ প্রামাণিক?
৯ জুন ভারত এ বনাম শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রত্যেক দল একে অন্যেক বিরুদ্ধে দুবার করে খেলবে। ২১ জুন হবে ফাইনাল। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ২টি চারদিনের ম্যাচও খেলবে ভারত এ। সেই দল এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: কবে আসছে বর্ষা? বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর
নির্বাচিত দল: তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ অধিনায়ক), আয়ূষ বাদোনি, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশ শেডগে, প্রভসিমরন সিংহ (উইকেটকিপার), কুমার কুশাগ্র (উইকেটকিপার), বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আর্শাদ খান